
এক বছর আগের কথা। লন্ডনের গ্রিনউইচ বিশ্ববিদ্যালয় থেকে সবে পড়াশোনা শেষ করেছেন ২১ বছরের তরুণ ইব্রাহিম। মিডিয়া স্টাডিজে স্নাতক শেষ করার পরই তাঁর চাকরি হয় একটি বহুজাতিক প্রতিষ্ঠানে। তবে চাকরিতে যোগ দেওয়ার আগে জানা যায়, ইব্রাহিমের দুটি কিডনি ঠিকমতো কাজ করছে না। এমন খবরে তাঁর পরিবারে নামে শোকের ছায়া।
এরপরে রয়্যাল লন্ডন হাসপাতালে ইব্রাহিমকে ভর্তি করা হয়। সেখানে শুরু হয় তাঁর কিডনির চিকিৎসা। দীর্ঘ এক বছর বিভিন্ন চিকিৎসা দেওয়া হয়। অবশেষে চিকিৎসকেরা তাঁর কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের কিডনি প্রতিস্থাপন বিষয়ে আলোচনা হয়। তবে এসব কিডনির কার্যক্ষমতা কম বলে এ সিদ্ধান্ত থেকে সরে আসে পরিবার।
এমতাবস্থায় সিদ্ধান্তহীনতায় পড়েন ইব্রাহিমের বাবা সমাজকর্মী আবু মুনিম ও তাঁর পরিবার। সেই সময় অনেকে তাঁকে ইব্রাহিমকে ভারতে নিয়ে যাওয়ারও পরামর্শ দেন। কিন্তু আবু মুনিম সিদ্ধান্ত নেন, নিজের একটি কিডনি ছেলেকে দেবেন।
আবু মুনিমের সিদ্ধান্তে ৪ মে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি কিডনি ইব্রাহিমের শরীরে প্রতিস্থাপন করেন চিকিৎসকেরা। আবু মুনিম ও ইব্রাহিম এখন সুস্থ। চিকিৎসকের পরামর্শে এখন নিজ বাড়িতেই আছেন এই বাবা–ছেলে।
আবু মুনিম বলেন, ‘আমার জীবনের চেয়ে ছেলের জীবন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। বাবা হয়ে ছেলের জীবনপ্রদীপ নিভে যাক, সেটা তো কখনো আমি চাইব না, হতেও দেব না। আমি যেহেতু একজন সুস্থ মানুষ, তাই একটি কিডনি দিতে অসুবিধা হয়নি। আমার একটি কিডনিতে ছেলে তাঁর জীবন ফিরে পেয়েছে, এর চেয়ে আনন্দ আমার আর কী হতে পারে?’
একজন সমাজকর্মী হিসেবে নিজের পরিচয় দিয়ে আবু মুনিম আরও বললেন, ‘সবকিছুর জন্যই আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দেশ–বিদেশের সবার কাছে আমার ছেলে ইব্রাহিমের জন্য দোয়া কামনা করছি।’
আবু মুনিমের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়।