ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাশিয়াকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী ৯৫ ভাগ ইউক্রেনীয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হলো আগামীকাল ২৪ ফেব্রুয়ারি। যুদ্ধের এক বছরের মাথায় বেশ আত্মবিশ্বাসী ইউক্রেনীয়রা। দেশটির প্রায় ৯৫ শতাংশ বাসিন্দা মনে করছেন, তাঁরা রুশ বাহিনীকে পরাজিত করতে পারবেন। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতিও আস্থা বেড়েছে তাঁদের।

চলতি মাসের শুরুতে ইউক্রেনভিত্তিক প্রতিষ্ঠান রেটিং গ্রুপ ইনস্টিটিউটের করা এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নিয়েছেন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ। তবে দেশটির যেসব অঞ্চল রাশিয়ার দখলে রয়েছে, সেসব অঞ্চল এবং ক্রিমিয়া উপদ্বীপের কাউকে জরিপে অন্তর্ভুক্ত করা হয়নি। গত মঙ্গলবার জরিপটি প্রকাশ করা হয়েছে।

জরিপে দেখা গেছে, গত বছরের জানুয়ারিতে জেলেনস্কির প্রতি দেশটির মানুষের আস্থা ছিল ৩৬ শতাংশ। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৯০ শতাংশে। আর ২০১৯ সালে সেনাবাহিনীর প্রতি ইউক্রেনীয়দের আস্থা ছিল ৬৫ শতাংশ। এই মুহূর্তে তা ৯৭ শতাংশ।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ১৭ শতাংশ জানিয়েছেন, এক বছর ধরে চলা যুদ্ধে তাঁরা ভালোবাসার কোনো না কোনো মানুষকে হারিয়েছেন। সংখ্যাটা প্রায় দ্বিগুণ বেড়েছে। ছয় মাস আগে এটা ৯ শতাংশ ছিল। তবে ইউক্রেনীয়দের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা কমেছে। জরিপ অনুযায়ী, বর্তমানে দেশটির ২১ শতাংশ বাসিন্দা পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছেন। গত মার্চে এটা ছিল ৪৪ শতাংশ। আর বর্তমানে ইউক্রেনের অন্তত এক-তৃতীয়াংশ মানুষের চাকরি নেই।

জরিপে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর ইউক্রেনীয়দের মধ্যে পশ্চিমাপন্থী মনোভাব বেড়েছে। জরিপে অংশ নেওয়া ৮৭ শতাংশ মানুষ এখন ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পক্ষে। আর ৮৬ শতাংশ চান পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে, যুদ্ধ শুরুর আগে ৬২ শতাংশ ইউক্রেনীয় ন্যাটোতে যোগ দেওয়ার পক্ষে ছিলেন, বিপক্ষে ছিলেন ৩০ শতাংশ। আরও কয়েক বছর আগে ২০১৪ সালের মার্চে, যখন রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল, তখন ইউক্রেনের ৪৩ শতাংশ বাসিন্দা ন্যাটোতে যোগদানের বিপক্ষে ছিলেন, পক্ষে ছিলেন ৩৪ শতাংশ।

রেটিং গ্রুপ ইনস্টিটিউটের করা জরিপে অংশগ্রহণকারীদের ৫৮ শতাংশ বলছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া ‘অসম্ভব’। ১১ শতাংশ বলছেন, এই সম্পর্ক ঠিক হতে পারে, তবে ১০ থেকে ১৫ বছর সময় লাগবে। অপর দিকে ২০ থেকে ৩০ শতাংশ মনে করেন, সম্পর্ক জোড়া লাগাতে সময় লাগবে আরও বেশি—২০ থেকে ৩০ বছর।

‘পুরো দনবাস দখলের লক্ষ্য রাশিয়ার’
এদিকে গতকাল ইউক্রেনের সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ওলেকসি গ্রোমভ বলেছেন, যুদ্ধের এক বছরের মাথায় এসে রাশিয়া লড়াই জোরদার করেছে। আগামী গ্রীষ্ম নাগাদ পূর্ব ইউক্রেনের দনবাসে লুহানস্ক ও দোনেৎস্কে সব এলাকা দখলে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে তারা।