আগামী শুক্রবার রাশিয়ার পার্লামেন্টের দুই কক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষণ দেওয়ার কথা রয়েছে। ওই ভাষণে ইউক্রেনের দখলকৃত এলাকাগুলোকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তিনি। মঙ্গলবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন আভাস দিয়েছে। খবর রয়টার্সের।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাত মাসের মাথায় ইউক্রেনে নিজেদের দখলে থাকা চারটি অঞ্চলে গণভোটের আয়োজন করেছে রাশিয়া। অঞ্চলগুলো হলো পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক এবং দক্ষিণ ইউক্রেনের খেরসন ও জাপোরিঝঝিয়া। উদ্দেশ্য, ওই সব অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করা। গত শুক্রবার এ ভোট গ্রহণ শুরু হয়েছে। আর আজ মঙ্গলবার গণভোটের শেষ দিন।
মঙ্গলবার টুইটারে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়, রাশিয়ার নেতারা অনেকটা নিশ্চিতভাবে আশা করছেন, যেকোনো ধরনের অন্তর্ভুক্তির ঘোষণায় বিশেষ সামরিক অভিযানের ন্যায্যতা প্রতিষ্ঠা পাবে এবং এর মধ্য দিয়ে সংঘাতের জন্য দৃঢ় সমর্থন পাওয়া যাবে।
এর আগেও গণভোটের মাধ্যমে ইউক্রেনের অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার ঘটনা ঘটেছে। সেটা ২০১৪ সালে। সে বছর পুতিনের নির্দেশে প্রথমে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। পরে সেখানে গণভোটের আয়োজন করা হয়।
রাশিয়ার ওই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়। এবারও এই ভোটকে ‘অবৈধ ও ভাঁওতাবাজি’ আখ্যা দিয়েছে ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা।
চলতি গণভোটের ফল রাশিয়ার পক্ষে গেলে ইউক্রেনের আরও ১৫ শতাংশ এলাকা এই ফেডারেশনের সঙ্গে যুক্ত হবে।