
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বিভিন্ন ম্যাচে বাজি ধরে এক কোটি রুপি খুইয়েছেন এক পোস্টমাস্টার।
ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পোস্টমাস্টারের নাম বিশাল আহিরওয়ার। তিনি মধ্যপ্রদেশের বিনা সাবপোস্ট অফিসের পোস্টমাস্টার।
২৪টি পরিবারের সঞ্চয়ের অর্থ বাজিতে লাগিয়েছেন বিশাল। পরিবারগুলো এ অর্থ বিনা সাবপোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট (এফডি) হিসেবে রেখেছিল।
বিশালকে ২০ মে স্থানীয় বিনা সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) গ্রেপ্তার করেছে।
বিশাল তাঁর অপরাধের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, বিশাল যে এফডি অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন, তা ছিল ভুয়া। তবে তিনি এফডি অ্যাকাউন্টের বিপরীতে আসল পাসবুক ইস্যু করেছিলেন।
দুই বছর ধরে এই এফডি অ্যাকাউন্টগুলোর পুরো টাকা আইপিএলের ম্যাচে বাজি ধরতে খরচ করেন বিশাল।
বিনা জিআরপি থানার ইনচার্জ অজয় ধুরভে বলেন, গ্রেপ্তার বিশালের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৪২০ ধারা (প্রতারণা) ও ৪০৮ ধারায় (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) মামলা করা হয়েছে।
অধিকতর তদন্তের ভিত্তিতে বিশালের বিরুদ্ধে মামলায় আরও ধারা যুক্ত করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।