বাংলাদেশের পাচারের আগেই প্রচুর পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল বাজেয়াপ্ত করল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের ত্রিপুরা রাজ্যে শুক্রবার বিএসএফের রাজেয়াপ্ত করা ফেনসিডিলের দাম বাংলাদেশি টাকায় ছয় কোটি টাকার বেশি।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের পক্ষ থেকে জানানো হয়, আসামের গুয়াহাটি থেকে তাঁরা আগে থেকেই খবর পেয়েছিলেন, জাতীয় সড়ক দিয়ে ১২ চাকার ট্রাকে করে আসছে প্রচুর নিষিদ্ধ সামগ্রী। আলুর লরির মধ্যে লুকিয়ে রাখা রয়েছে মাদক দ্রব্য। সেই খবরের ভিত্তিতে বিএসএফের পানিসাগর সেক্টরের গোয়েন্দারা গাড়িটিকে সনাক্ত করেন প্রথমে।
ত্রিপুরারই নলকাটায় গাড়িটিকে আটক করেন বিএসএফের সপ্তম ব্যাটালিয়নের জওয়ানরা। গাড়িটি থেকে ফেন্সিডিলই উদ্ধার হয় ৪০ হাজার ৫০০ বোতল। বিএসএফ কর্তাদের দাবি, এর বাজার মূল্য ৫ কোটি ৬১ লক্ষ ৬৩ হাজার ৭৫০ রুপি। এ ছাড়াও গাড়িটি থেকে এস-কফ শিরাফের ২২ হাজার ৪০০ বোতল উদ্ধার হয়। এর বাজার মূল্য ২১ লক্ষ ৫০ হাজার ৪০ রুপি। ২১ হাজার রুপি মূল্যের ৫ হাজার ২৫০ কেজি আলুর আড়ালে এই নেশা সামগ্রী লুকানো ছিল বলে জানা গিয়েছে। সেইসঙ্গে ১৯ লক্ষ ৮০ হাজার রুপি বাজার দরের ট্রাকটিকেও বিএসএফ আটক করে।
লরির চালক বিমান পাল এবং খালাসি রূপক নাথকেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনি সামগ্রী বহন করার অভিযোগ দায়ের করা হয়। বিএসএফ কর্মকর্তাদের দাবি, গত আগস্ট মাসেও তাঁরা এক কোটি রুপিরও বেশি মূল্যের ফেনসিডিল আটক করেন। কিন্তু এত বিপুল পরিমান ফেন্সিডিল ত্রিপুরায় বহু দিন পর ধরা পড়ল।