
জৈন সম্প্রদায়ের বিক্ষোভের মুখে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার সংযুক্ত আরব আমিরাতে ছাগল ও ভেড়া রপ্তানি বন্ধ করে দিল। কৃষকদের আয় বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল বলে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
মহারাষ্ট্রের নাগপুরের বাবা সাহেব আম্বেদকর বিমানবন্দর থেকে গত শনিবার দুই হাজার ছাগল ও ভেড়া রপ্তানি করার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু ছাগল রপ্তানির এই কথা ছড়িয়ে পড়লে এখানকার জৈন সম্প্রদায়ের একাংশ ক্ষোভে ফেটে পড়ে। তারা দাবি তোলে, অবিলম্বে বন্ধ করতে হবে ছাগল-ভেড়া রপ্তানি। এই লক্ষ্যে জৈন সম্প্রদায়ের গড়া ‘জৈন সমাজ’ নামের একটি সংগঠন গত শুক্রবার শহরে মিছিল করে। এই মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের নেত্রী রিচা জৈন। এই আন্দোলনের পর মহারাষ্ট্র সরকার বাতিল করে দেয় ছাগল-ভেড়া রপ্তানি।
এই ছাগল-ভেড়া রপ্তানির উদ্যোগ নিয়েছিলেন ভারতের রাজ্যসভার সাংসদ ও ধাঙ্গর নেতা বিকাশ মহাত্মা। তাঁর উদ্দেশ্য ছিল কৃষকদের আয় বাড়ানো।
জৈন নেত্রী রিচা জৈন বলেছেন, ‘ছাগল-ভেড়া কসাইখানায় না পাঠিয়েও কৃষকদের আয় বাড়ানোর ব্যবস্থা করা যায়। এ নিয়ে আমরা বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি।’