
লোকসভার উপনির্বাচনে চার আসনের তিনটিতেই পরাজয়ের পর আবার ধাক্কা খেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সরকার। আজ শুক্রবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অন্যতম সঙ্গী তেলেগু দেশম পার্টি (টিডিপি) জোট ছাড়ার ঘোষণা দিয়েছে।
গত সপ্তাহে টিডিপির দুই মন্ত্রী কেন্দ্রীয় সরকারের মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।
টিডিপি সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, শুধু পদত্যাগ করেই ক্ষান্ত নয় টিডিপি, তারা মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটেরও প্রস্তাব আনবে। অন্ধ্র প্রদেশ রাজ্যে ক্ষমতাসীন দলটি রাজ্যের প্রতি অবিচারের অভিযোগ এনেছে।
দলীয় প্রধান এবং অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে আলোচনার পর আজ শুক্রবার সকালে টিডিপির পলিটব্যুরো জোট ছাড়ার সিদ্ধান্তের কথা জানায়। দলটির বিবৃতিতে বলা হয়, আজই দলটির পক্ষ থেকে অনাস্থা প্রস্তাব দেওয়া হবে।
টিডিপি এখন বিজেপির সভাপতি অমিত শাহ এবং গুরুত্বপূর্ণ অন্যদের এই জোট ছাড়ার বিষয়ে চিঠি দেবে।
অন্ধ্র প্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি নিয়ে বিজেপির সঙ্গে বিরোধ শুরু হয় টিডিপির। এর আগে চন্দ্রবাবু নিজে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েও কোনো সাড়া না পাওয়ার কথা জানান। তিনি বলেছিলেন, ২৯ বার দিল্লিতে গিয়ে কোনো ফল পাননি।
লোকসভায় টিডিপির ১৬ জন সাংসদ আছেন। এর ফলে দৃশ্যত মোদি সরকারের ওপর কোনো হুমকি সৃষ্টি হবে না। তবে আগামী বছরের লোকসভার নির্বাচনের আগে টিডিপির সঙ্গ ছাড়ার এ ঘোষণা বিজেপির ওপর চরম মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। এখন বিজেপির সঙ্গে আরেক জোটসঙ্গী শিবসেনারও ভালো সময় যাচ্ছে না।