ইডির ‘ম্যারাথন’ জেরায় এক দিনের বিরতি পেলেন রাহুল

রাহুল গান্ধীকে গতকাল বুধবার ইডি টানা তৃতীয় দিনের মতো জেরা করে
ছবি: এএনআই

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কাল শুক্রবার আবার জেরা করবে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর এনডিটিভির।

গতকাল বুধবার রাহুলকে ইডি টানা তৃতীয় দিনের মতো জেরা করে। এদিন তাঁকে ৯ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এ নিয়ে ইডি গত তিন দিনে রাহুলকে ৩০ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করল।

সূত্র জানায়, রাহুলকে ইডির জেরা শেষ না হওয়ায় তিনি সংস্থাটির কাছে এক দিনের বিরতি চান। ইডি তা মঞ্জুর করে।

ফলে, আজ বৃহস্পতিবার রাহুলকে ইডি কার্যালয়ে যেতে হচ্ছে না। এক দিন বিরতির পর কাল তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করবে ইডি।

সূত্র আরও জানায়, রাহুলকে জিজ্ঞাসাবাদের অডিও ও ভিডিও সংস্করণ ইডি রেকর্ড করে। পরে তাঁর বক্তব্য টাইপ করা হয়। এতে তিনি ও তদন্তকারী কর্মকর্তা স্বাক্ষর করেন।

রাহুলকে ইডির জেরার প্রথম দিন ছিল গত সোমবার। এদিন তাঁকে প্রায় ১০ ঘণ্টা ধরে ইডি জেরা করে। পরদিন মঙ্গলবার তাঁকে ১১ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি।

একই মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও জেরা করবে ইডি। এ জন্য তাঁকে সমন দেওয়া হয়েছে। ২৩ জুন ইডি সদর দপ্তরে তাঁর হাজির হওয়ার কথা।

৭৫ বছর বয়সী সোনিয়ার ২ জুন করোনা শনাক্ত হয়। গত রোববার তাঁকে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

কংগ্রেসের দাবি, পুরোনো এই মামলা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে ইডি নতুন করে মামলার তদন্ত শুরু করেছে।

রাহুলকে জেরার নামে রাজনৈতিক হেনস্তার অভিযোগে গতকাল উত্তাল হয়ে ওঠে ভারতের রাজধানী নয়াদিল্লি। ইডির কার্যালয়ের সামনে গাড়ির টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান কংগ্রেসের নেতা-কর্মীরা।

গতকাল দিল্লি পুলিশ আকবর রোডে কংগ্রেস অফিসে যাওয়ার সব সড়ক অবরোধ করে রাখে। নেতা-কর্মীদের দলীয় দপ্তরে যেতে বাধা দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় প্রথম সারির নেতাদের। এমনকি জোর করে দলীয় কার্যালয়েও ঢুকে পড়ে পুলিশ। বিক্ষোভ দমনের নামে আটক করা হয় বহু কংগ্রেস কর্মীকে।