‘কাচের মানুষ’ উত্তর প্রদেশের কিশোর রোহিত

জন্মের পর থেকে ১০০টি হাড় ভেঙেছে ১২ বছর বয়সী রোহিতের
ছবি: টুইটার থেকে নেওয়া।

ভারতের উত্তর প্রদেশের কিশোর রোহিত বিরল এক রোগে আক্রান্ত। রোহিতের বয়স এখন ১২ বছর। জন্মের পর থেকে তাঁর শরীরের ১০০টি হাড় ভেঙেছে। সামান্য টোকা দিলে মুহূর্তেই রোহিতের শরীরের হাড় ভেঙে যায়। তাই তার শরীরের স্বাভাবিক বিকাশ হয়নি। এ জন্য রোহিতকে বলা হচ্ছে ‘কাচের তৈরি’ মানুষ।

‘অস্টিওপোরোসিস’ নামে একটি রোগে আক্রান্ত রোহিত। এটি হাড়ের ভঙ্গুর রোগ হিসেবে বেশি পরিচিত। যারা এই রোগে আক্রান্ত, তাদের দেহে হাড় গঠন হওয়ার চেয়ে তা দ্রুত ক্ষয় হয় বা ভেঙে যায়। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মায়োকম বলছে, এ রোগে হাড় এতটাই দুর্বল হয়ে যায় যে সামান্য একটু টোকা বা অন্য কোনো চাপেই হাড় ভেঙে যায়।

শরীরের গড়ন অস্বাভাবিক হওয়ায় জন্মের পর থেকে রোহিতের শরীরের অন্তত ১০০টি হাড় ভেঙেছে। শারীরিক তীব্র কষ্ট ও যন্ত্রণা নিয়েই প্রতিটি দিন পার করতে হয় তাকে। এ ছাড়া অস্টিওপোরোসিসে আক্রান্ত হওয়ায় তার শরীরের স্বাভাবিক বিকাশও মারাত্মক বাধাগ্রস্ত হয়েছে। বয়স ১২ বছর হলেও এখন তার উচ্চতা ১ ফুট ৪ ইঞ্চি, আর ওজন ৩২ কেজি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাতে বলা হচ্ছে, হাড়ের যাতে কোনো ক্ষতি না হয়, এ জন্যই রোহিত বন্ধুদের সঙ্গে খেলতে পারে না। এপাশ-ওপাশ করার জন্য মা-ই তার ভরসা। এ ছাড়া রোহিতকে পড়ায় তার বোন।

তবে শরীরের এ অবস্থায় রোহিত স্কুলে যেতে পারে না। তবে এত কিছুর পরও স্বপ্ন দেখা ছাড়েনি রোহিত। বড় হয়ে গায়ক হওয়ার স্বপ্ন দেখে সে। শরীরের এই অবস্থা নিয়েও স্বপ্ন থেকে পিছপা হবে না এমন প্রত্যয় তার। রোহিত বলছে, বিরল রোগে আক্রান্ত হওয়ার কথা সে জানে। কিন্তু বড় হয়ে গায়ক হওয়ার যে স্বপ্ন সে দেখে, রোগের কাছে তাকে হেরে যেতে দেবে না বলে জানায়।

এখন পর্যন্ত অস্টিওপোরোসিসের কোনো ওষুধ নেই। তবে যারা এই রোগে আক্রান্ত তারা ক্যালসিয়াম ও হাড়ের বৃদ্ধিতে সাহায্য করে এমন ওষুধ খেলে কিছুটা আরাম পান। প্রসাধনী ব্যবহারে রোগটির ঝুঁকি বাড়ে, ২০১৯ সালে চীনে একটি গবেষণায় এই তথ্য জানার পর নারীদের প্রসাধনী ব্যবহারে নিরুৎসাহিত করা হচ্ছে।