
বরপক্ষের দাবি, এক কোটি রুপি পণ চাই। না দিলে বিয়ে নয়। শুনে তেলে-বেগুনে জ্বলে উঠলেন কনে। মারলেন বিয়ের কপালে ঝাঁটা। সম্প্রতি ভারতের রাজস্থানে পণের কারণেই একটি বিয়ে ভেঙে যায়।
রাজাস্থানের কোটার দন্ত চিকিৎসক রাশি সাক্সেনার বিয়ে ঠিক হয় উত্তর প্রদেশের মোরাদাবাদের চিকিৎসক সক্ষম মাঢকের সঙ্গে। গত রোববার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ২৮ লাখ রুপি খরচ করে পাত্রের জন্য গাড়িসহ বিভিন্ন উপহারসামগ্রী আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। তবে হঠাৎ করেই পাত্রপক্ষের দাবি এক কোটি রুপি পণ। তা জানতে পেরে গত রবিবার বিয়ের দিন বরপক্ষ আসতেই বিয়ে ভেঙে দেন কনে।
পাত্রপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়েছে। পুলিশ বলছে, অভিযোগ পেলেও মামলা হয়নি। ঘটনার তদন্ত চলছে।
বিয়ের সব খরচ মিলিয়ে ৩০ থেকে ৩৫ লাখ রুপি খরচ হয়েছিল কনেপক্ষের। বিয়ে উপলক্ষে গত শনিবার কোটায় পৌঁছাতেই একটি সুইফট ডিজায়ার গাড়ি ও ১০ গ্রামের পাঁচটি সোনার কয়েন দেওয়া হয় বরপক্ষের হাতে। তবে আরও দাবি জানাতে থাকে সক্ষমের পরিবার। ঘটনা কানে আসে কনে রাশির। নিজের বাড়ির লোকেদের হেয় হতে দেখে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, এমন বাড়ির ছেলেকে তিনি বিয়ে করবেন না।