ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনীতিতে আসার আগে একসময় তাঁর বাবার সঙ্গে একটি চায়ের দোকান চালিয়েছেন। চা-ভক্তদের আনাগোনায় তখন দোকানটি ছিল সরগরম। ছোট এক রেলস্টেশনের সেই দোকান এখন একরকম মরচে পড়ে পরিত্যক্ত। তবে শিগগির এ দোকান ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে আসতে চলেছে।
গুজরাটের নিজ শহর ভাদ নগরে মোদির চায়ের দোকানকে এক পর্যটন স্পটে রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির এই নেতা নির্বাচনী প্রচার-প্রচারণায় খোলাখুলিই বলতেন, একজন চাওয়ালার সন্তানের পরিচয়েই তাঁর শিকড় নিহিত। মোদির নিজ শহর ভাদনগরের এই শিকড়কে উজ্জীবিত করার চেষ্টাতেই কর্তৃপক্ষ এখন এ পরিকল্পনা নিয়েছে। স্থানটি পর্যটন স্পটে রূপ দিতে হাতে নেওয়া হয়েছে দেড় কোটি ডলারের প্রকল্প।