
প্রেমিকাকে বিয়ে করতে রাজি হননি প্রেমিক। আহত প্রেমিকা ভাবলেন, জীবনটাই রাখবেন না। বেছে নিলেন আত্মহত্যার পথ। পারলেন না জীবন দিতে। ঠাঁই হলো হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। প্রেমিক এবার এমন প্যাঁচে পড়লেন যে বাধ্য হয়ে আইসিইউতেই বিয়ে করে ফেললেন।
ভারতের মহারাষ্ট্রের পুনে জেলায় এই ঘটনা ঘটে বলে গতকাল বৃহস্পতিবার জানায় পুলিশ। আজ শুক্রবার বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকা আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিয়ের পর হাসপাতাল থেকে চলে যান প্রেমিক। পরে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন মেয়েটি।
মামলার তদন্ত কর্মকর্তা প্রকাশ রাঠোর বলেন, সুরুজ নালওয়াদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে এক নারী এফআইআর করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
মেয়েটি অভিযোগে বলেন, সুরুজ তাঁকে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছেন। পরে তাঁকে বিয়ে করতে বলা হয়। কিন্তু তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান।
পুলিশ জানায়, মেয়েটি নিম্ন বর্ণের—এই যুক্তি দিয়ে তাঁকে বিয়ে করতে ছেলেটি অস্বীকৃতি জানায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় প্রেমিকা গত ২৭ নভেম্বর বিষ পান করেন। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তাঁকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই মেয়েটিকে বিয়ে করেন প্রেমিক।