বিএসএফের তিন সদস্য নিহত

ভারতের পূর্বাঞ্চলে আজ বুধবার সন্দেহভাজন মাওবাদী বিদ্রোহীদের হামলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। পুলিশের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ওডিশা রাজ্যের মালকানগিরি জেলায় এ ঘটনা ঘটে।
জেলা পুলিশের প্রধান মিত্রাভানু মহাপাত্র বলেন, ভূমিমাইন বিস্ফোরণের পর বিএসএফের গাড়িবহরে গুলি ছোড়ে বিদ্রোহীরা। হামলায় ঘটনাস্থলে বিএসএফের দুই সদস্য নিহত হন। আরেকজনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন ছয় জওয়ান।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, হামলার পর বিদ্রোহীরা পালিয়ে গেছে। তাদের ধরতে যৌথ অভিযান শুরু হয়েছে।