
ভারতের বিধানসভা নির্বাচনের পর দলের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে কথা বলেছেন কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। আজ শুক্রবার তিনি বলেছেন, গত মাসে বিধানসভা নির্বাচনে কংগ্রেস যে ফলাফল করেছে, তাতে তিনি ‘খুবই হতাশ’। এ ছাড়া এমন ফল অত্যন্ত অপ্রত্যাশিত বলেও মন্তব্য করেছেন তিনি।
সোনিয়া গান্ধী বলেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ কংগ্রেস ওয়ার্কিং কমিটি শিগগিরই এ ফলাফল মূল্যায়নের জন্য বৈঠকে বসবে। এ ছাড়া এ নির্বাচনে যে ধাক্কা কংগ্রেস খেয়েছে, তা থেকে নম্রতার সঙ্গে শিক্ষা নিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির বৈঠক হয়েছে আজ শুক্রবার। এ বৈঠকে ভার্চ্যুয়ালি যোগ দেন সোনিয়া গান্ধী। সেই বৈঠকেই তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে আমাদের দল বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে যে ফল করেছে, তা ছিল খুবই হতাশার এবং আমি এটা বলতে পারি, এটা খুবই অপ্রত্যাশিত।’
এ ছাড়া পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তামিলনাড়ুতে জয়ী দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (ডিএমকে) নেতা এম কে স্টালিনকে অভিনন্দন জানিয়েছেন সোনিয়া।
পশ্চিমবঙ্গের নির্বাচনে বামদের সঙ্গে জোট করেছিল কংগ্রেস। কিন্তু কোনো সাফল্য আসেনি। ২৯২টি আসনের ২১৩টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি পেয়েছে ৭৭টি।
আসামকে মোটাদাগে কংগ্রেসের ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এবারের নির্বাচনে বিজেপি সেখানে পেয়েছে ৭৫টি আসন। আর কংগ্রেস পেয়েছে ৫০টি। তবে কংগ্রেস নিজেদের অবস্থান মোটামুটি ঠিকঠাক ধরে রাখতে পেরেছে কেরালায়। এ রাজ্যে বামেরা পেয়েছে ৯৯টি আসন। আর কংগ্রেস পেয়েছে ৪১টি। তারপরও একটি আসন কমেছে কংগ্রেসের। এ রাজ্যে বিজেপি কোনো আসন পায়নি।