শিখদের স্বর্ণমন্দিরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

এএফপি ফাইল ছবি
এএফপি ফাইল ছবি

ভারতের অমৃতসরে শিখধর্মাবলম্বীদের ধর্মীয় স্থানে ধর্মবিরোধী কাজ করার চেষ্টা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যকালীন প্রার্থনার সময় স্বর্ণমন্দিরে এ ঘটনা ঘটে।  

ওই ব্যক্তি শিখ সম্প্রদায়ের ধর্মীয় গ্রন্থ ‘গুরু গ্রন্থ সাহিব’ যেখানে রাখা থাকে, সেখানে বিনা অনুমতিতে হুড়মুড় করে ঢুকে পড়েন বলে অভিযোগ রয়েছে। সেখানে ঢোকার পর তিনি ‘গুরু গ্রন্থ সাহিব’–এর পাশে রাখা একটি তলোয়ার ধরার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তাকর্মী ও সেখানে থাকা মানুষেরা তাঁকে ধরে ফেলেন। এরপর ওই ব্যক্তির সঙ্গে হাতাহাতি  হয়।

স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। সে সময় সন্ধ্যকালীন প্রার্থনা টিভিতে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। হাতাহাতির দৃশ্য ক্যামেরাতেও ধরা পড়ে। এরপর কী ঘটেছিল, সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পুলিশ বলছে, কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লোকটিকে মৃত অবস্থায় পান। এ নিয়ে তদন্ত চলছে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি টুইটে বলেন, এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
কিছুদিন আগে মন্দিরের পাশের একটি জলাশয়ে শিখদের ধর্মগ্রন্থ গুটকা সাহিব ছুড়ে ফেলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করার কয়েক দিন পর এ হত্যার ঘটনা ঘটল।

ধর্মীয় স্থানে এ ধরনের অবমাননার ঘটনা শিখ সম্প্রদায়ের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচন হবে। এর আগে এ ধরনের ঘটনা বড় ধরনের রাজনৈতিক ইস্যু হতে পারে।