সাপের দংশনে সাদা বাঘের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের কমলা নেহরু চিড়িয়াখানায় গোখরো সাপের দংশনে একটি সাদা বাঘের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।

চিড়িয়াখানার অধিকর্তা উত্তম যাদব সাংবাদিকদের জানান, তিন বছর বয়সী ওই সাদা পুরুষ বাঘটিকে প্রজননের জন্য গত মাসে ভিলাই চিড়িয়াখানা থেকে এখানে আনা হয়। গতকাল সকালে চিড়িয়াখানার রক্ষীরা বাঘটিকে অসুস্থ অবস্থায় দেখতে পান। এ সময় বাঘটির কাছে ক্ষতবিক্ষত অবস্থায় একটি গোখরো সাপ পড়ে ছিল। এরপর বাঘটিকে চিকিৎসা দেওয়া হলেও বাঁচানো যায়নি।

উত্তম যাদব আরও জানান, সাপের বিষক্রিয়ায় বাঘটির মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে জানা গেছে। বাঘটির মৃত্যুর কারণে এই চিড়িয়াখানায় আর পুরুষ সাদা বাঘ রইল না।