ভারতের সারদা কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এই প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের কোনো মন্ত্রীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। পশ্চিমবঙ্গের যোগাযোগমন্ত্রী মদন মিত্র ও রাজ্যসভায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য সৃঞ্জয় বোসকে তদন্ত সংস্থা ডেকে পাঠিয়েছে।
সিবিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানায়, মন্ত্রী মদন মিত্রকে এ সপ্তাহের মধ্যে তদন্ত সংস্থায় হাজির হয়ে সিবিআই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের উত্তর দিতে বলা হয়েছে।
অধিক মুনাফা দেওয়ার ফাঁদ পেতে পশ্চিমবঙ্গ ও ওডিশার লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর কোটি কোটি টাকা সংগ্রহ করে সারদা তহবিল গড়া হয়। পরে প্রতিষ্ঠানটি গ্রাহকের টাকা মেরে দেয় বলে অভিযোগ ওঠে। সারদা কেলেঙ্কারি নামে পরিচিত এ ঘটনারই তদন্ত করছে সিবিআই।