হাসিনা-মোদি বৈঠক এখনো চূড়ান্ত নয়

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিমসটেক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদান সরকারিভাবে ঘোষিত হলো। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠক এখনো চূড়ান্ত হয়নি। আজ শুক্রবার এই কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) প্রীতি সারণ। তিনি বলেন, আয়োজক দেশ নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক চূড়ান্ত হয়েছে। অন্য রাষ্ট্রনায়কদের সঙ্গে বৈঠক এখনো চূড়ান্ত হয়নি। হলে তা জানিয়ে দেওয়া হবে।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই মাসের ৩০ ও ৩১ তারিখে অনুষ্ঠিত হবে বিমসটেক-এর চতুর্থ শীর্ষ সম্মেলন।
একুশ বছর আগে বিমসটেক গঠিত হলেও এটা হবে চতুর্থ শীর্ষ সম্মেলন। প্রীতি সারণ অবশ্য স্বীকার করেছেন, আগামী মাসে ভারতে এই গোষ্ঠীভুক্ত দেশগুলোর সেনাপ্রধানদের এক সম্মেলন হওয়ার কথা চলছে। সংবাদপত্রে প্রকাশিত এই সংক্রান্ত খবরে বলা হয়েছে, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ডের সেনাবাহিনীর মধ্যে সন্ত্রাসবাদের মোকাবিলায় এক যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। তা ছাড়া বৈঠক হবে সদস্য দেশগুলোর সেনাপ্রধানদের। প্রীতি বলেন, এ নিয়ে কথাবার্তা চলছে। নেপালে বিষয়টি চূড়ান্ত হতে পারে। বিপর্যয় মোকাবিলার বিশেষজ্ঞদের নিয়ে গত বছর ভারতে যে সফল যৌথ মহড়া হয়েছিল, তা থেকেই সেনাপ্রধানদের সম্মেলনের বিষয়টির জন্ম।
এই মাসের ২৮ তারিখে বিমসটেক দেশগুলোর শীর্ষ কর্তাদের বৈঠক। তার পরের দিন বৈঠকে বসবেন সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। তার পরের দুদিন শীর্ষ সম্মেলন।