ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোরের নাম এখন থেকে বেঙ্গালুরু। গতকাল শনিবার এটিসহ রাজ্যের ১২টি শহরের নতুন নামকরণ কার্যকর হয়েছে। আগের কিছু শহরের নাম বদলের মতোই এ ক্ষেত্রেও ঔপনিবেশিক শাসক ইংরেজদের দেওয়া নাম পরিবর্তন করাই এর উদ্দেশ্য। খবর হিন্দুস্তান টাইমসের।
কর্ণাটক রাজ্যের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল নতুন নামকরণ কার্যকর করা হয়। ব্যাঙ্গালোর ছাড়া যে ১১টি শহরের নতুন নাম দেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো: মাইসোর/মহীশুর (মাইসুরু), ম্যাঙ্গলোর (ম্যাঙ্গালুরু)।
জনশ্রুতি অনুযায়ী, নবম শতকে বেঙ্গালুরুর নাম ছিল বেঙ্গাভাল-উরু। এর অর্থ, রক্ষকদের শহর। দ্বাদশ শতকে বেঙ্গালুরুর নাম হয় বেন্দা-কালো-অরু। অর্থাৎ, সেদ্ধ শিমের শহর। কথিত আছে, দ্বাদশ শতকে এখানকার রাজা দ্বিতীয় বিরা ভাল্লালা শিকার করতে গিয়ে বনে পথ হারিয়ে ফেলেন। এ সময় এক দরিদ্র বৃদ্ধা পরিশ্রান্ত রাজাকে সেদ্ধ শিম খেতে দেন। কৃতজ্ঞতাবশত রাজা এলাকার নাম দেন বেন্দা-কালো-অরু। ব্রিটিশ আমলে বেঙ্গালুরুর নাম পাল্টে ব্যাঙ্গালোর রাখা হয়।
এর আগে ১৯৯৫ সালে বম্বে শহরের নাম পাল্টে করা হয় মুম্বাই, ১৯৯৬ সালে মাদ্রাজ হয় চেন্নাই এবং ২০০১ সালে ক্যালকাটা হয় কলকাতা।