বিমান দুর্ঘটনায় সুভাষ চন্দ্র বসুর কথিত মৃত্যুর কথা ঘোষণার দুই দশক পরের এক আলোকচিত্রে সম্ভবত তাঁকে দেখা গেছে। একই ব্যক্তির দুই সময়ের ছবির মধ্যে তুলনা করতে ব্যবহৃত ‘ফরেনসিক ফেস-ম্যাপিং’ পদ্ধতির ভিত্তিতে গবেষকেরা এই দাবি করছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সংশ্লিষ্ট গবেষকদের দাবি, ১৯৬৬ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের তাশখন্দে ভারত-পাকিস্তান শান্তি আলোচনায় ভারতের তখনকার প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে থাকা এক ব্যক্তির সঙ্গে নেতাজি সুভাষ বসুর জোরালো মিল রয়েছে। গবেষক নিল মিলার ব্রিটিশ আদালত ও হেগের আন্তর্জাতিক আদালতে বিশেষজ্ঞের মতামত তুলে ধরে দাবি করেন, ছবির ব্যক্তি ও ভারতের স্বাধীনতাসংগ্রামের অন্যতম নায়ক নেতাজি ‘একই ব্যক্তি’।
নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। প্রচলিত তত্ত্বগুলোর একটি হলো সুভাষ বসু ১৯৪৫ সালে তাইওয়ানের তাইহোকুকে বিমান দুর্ঘটনায় মারা গেছেন।