মণিপুরে নজরদারিতে তিন সদস্যের কমিটি গড়ে দিলেন ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের মণিপুর রাজ্যে গত মে মাস থেকে জাতিগত সহিংসতা চলছে
ফাইল ছবি: রয়টার্স

ভারতের মণিপুরের হিংসাত্মক ঘটনাবলি নিয়ে এর আগে সরব হয়েছিলেন সুপ্রিম কোর্ট। আবারও এমন পদক্ষেপ দেখা গেল। এবার সরাসরি সর্বোচ্চ আদালতই নতুন উদ্যোগ নিলেন। মণিপুর রাজ্যে হিংসাত্মক ঘটনাবলির তদন্ত তদারকিতে সুপ্রিম কোর্ট আজ সোমবার তিন সাবেক নারী বিচারপতির কমিটি গড়ে দিয়েছেন। ওই রাজ্যের বিভিন্ন ঘটনার যে তদন্ত সিবিআই ও রাজ্য পুলিশ করছে, তার তদারকি করবে এই কমিটি।

এর আগে গত মাসের শেষ দিকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন, মণিপুরে যা ঘটেছে, তা নজিরবিহীন। তিনি এ-ও বলেছিলেন, মণিপুরে যা ঘটে চলেছে, তা পরিকল্পিত সহিংসতা। এরপর আজ সুপ্রিম কোর্টকে নতুন পদক্ষেপ নিতে দেখা গেল।

সর্বোচ্চ আদালতের গড়ে দেওয়া কমিটির নেতৃত্বে রয়েছেন জম্মু-কাশ্মীর হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি গীতা মিত্তল। অন্য দুই সদস্য হলেন বোম্বে হাইকোর্টের সাবেক বিচারপতি শালিনী যোশি ও দিল্লি হাইকোর্টের সাবেক বিচারপতি আশা মেনন।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন বেঞ্চ আজ এই নির্দেশ দেওয়ার পাশাপাশি জানিয়েছেন, ওই কমিটি তদন্ত তদারকি করা ছাড়াও ত্রাণ, পুনর্বাসনব্যবস্থা, ঘরবাড়ি ও উপাসনালয় পুনঃস্থাপন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেবে। তারা ত্রাণশিবিরগুলোর প্রতিও নজর দেবে। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ওই বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন জে বি পর্দিওয়ালা ও মনোজ মিশ্র। প্রধান বিচারপতি বিশেষভাবে জানিয়ে দেন, সিবিআইয়ের দায়িত্ব খর্ব করছেন না। আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয়, তদন্তের কাজে মানুষের যাতে ভরসা জাগে, তা তাঁরা নিশ্চিত করছেন।

মণিপুর রাজ্যের পরিধির বাইরে হিংসাত্মক ঘটনাবলির বিচারের দাবি সুপ্রিম কোর্ট গ্রাহ্য করেননি। বেঞ্চ এ কথাও জানান, সিবিআইয়ের কার্যক্ষমতা ও দক্ষতার ওপরও তাঁরা কোনো সংশয় বা সন্দেহ আরোপ করছেন না। তবে অন্য রাজ্য থেকে বেছে নেওয়া পাঁচ পদস্থ পুলিশ কর্তাকে সিবিআইয়ের অধীনে নিযুক্ত করা হবে তদন্তের জন্য। এতে তদন্ত নিয়ে মানুষের মনে ভরসা জাগানো যাবে। ওই কর্তারা হবেন সুপারিনটেনডেন্ট  অথবা ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার।

এই সব তদন্তের তদারকি কে করবেন, সুপ্রিম কোর্ট তা-ও ঠিক করে দিয়েছেন। সেই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে মুম্বাইয়ের সাবেক পুলিশ কমিশনার ও মহারাষ্ট্র পুলিশের সাবেক মহাপরিচালক (ডিজি) দত্তাত্রয় পদসালগিকরকে। তিনি ও তিন নারী বিচারপতি তাঁদের রিপোর্ট আলাদাভাবে সরাসরি জমা দেবেন সুপ্রিম কোর্টের কাছে।

বিজেপির সঙ্গ ছাড়লেন কুকিরা

এদিকে সংবাদদাতা, কলকাতা জানিয়েছেন, মণিপুরে ধারাবাহিক সহিংসতার জেরে কুকি সম্প্রদায়ের বিধায়কেরা বিজেপি জোট ছেড়ে দিয়েছেন। রাজ্যপাল অনুসুইয়া উইকেকে এক চিঠিতে কেপিএ (কুকি পিপলস অ্যালায়েন্স) সভাপতি টংম্যাং হাওকিপ মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দলের সিদ্ধান্ত জানিয়েছেন।
গত তিন মাসে জাতিগত ও সাম্প্রদায়িক দাঙ্গায় ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে মণিপুরে। এরপর এমন সিদ্ধান্ত এল। টংম্যাং হাওকিপ রাজ্যপালকে লেখা তাঁর চিঠিতে বলেছেন, ‘বর্তমানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন মণিপুর সরকারকে আর সমর্থন দেওয়া সম্ভব হচ্ছে না।’ তবে রাজ্য সরকার থেকে সরে এলেও, কেন্দ্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে মণিপুরের কুকি নেতৃত্ব। আজ বা আগামীকাল মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাদের বৈঠক করার কথা।

কেপিএ বিজেপি জোট ছাড়ায় সরকার চালাতে অসুবিধা হবে না মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের। ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় বিজেপির একারই ৩২ জন বিধায়ক রয়েছেন। এ ছাড়া পাঁচ নাগা পিপলস ফ্রন্টের (এনপিএফ) পাঁচ এবং তিনজন নির্দলীয় বিধায়কের সমর্থন রয়েছে বিজেপির সঙ্গে।