কলকাতার ট্রাম ১৫০ বছরে পা রাখল
কলকাতার ট্রাম ১৫০ বছরে পা রাখল

কলকাতার ট্রামের ১৫০-এ পা

শতবর্ষের ঐতিহ্যের স্মারক হিসেবে আজও কলকাতা শহরে টিকে আছে ট্রাম। ইতিহাসকে আঁকড়ে ধরে এই ট্রাম আজ ২৪ ফেব্রুয়ারি সার্ধশতবর্ষ বা ১৫০ বছরে পা দেবে। তবে অতীতের ঘোড়ায় টানা সেই ট্রাম আজ আর নেই। ট্রাম আধুনিক হয়েছে। বিদ্যুতে চলছে। তৈরি হয়েছে শহরে ট্রামের জন্য আলাদা লাইন। যেন মিনি রেললাইন।

তবে কলকাতার ট্রামের সুদিন আর নেই। ২০১১ সালে এই কলকাতায় ট্রাম রুট ছিল ৩৭টি। এখন কমে দাঁড়িয়েছে ৪টিতে।

কলকাতায় প্রথম ট্রাম চালানো হয় ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি। সেদিনের ট্রাম ছিল ঘোড়ায় টানা ট্রাম। প্রথম চালু করা হয়েছিল কলকাতার শিয়ালদহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত। দূরত্ব ছিল ৩ দশমিক ৯ কিলোমিটার। এই ট্রাম চলার মাঝেই কলকাতা ট্রামওয়ে কোম্পানি লিমিটেড গঠিত হয়। এই কোম্পানির রেজিস্ট্রেশন হয় লন্ডনে। তারপর ১৮৮০ সালের ২২ ডিসেম্বর থেকে নতুন রূপে আবার ট্রাম চালু হয়। তখন এই ট্রাম চালু হয় ছোট্ট একটি বগি নিয়ে। আর তা টেনে নিত দুটি ঘোড়া। কলকাতার ট্রাম প্রথম বিদ্যুতে চলাচল শুরু করে ১৯০২ সালের ২৭ মার্চ। সেই ট্রাম চলাচল শুরু করেছিল ধর্মতলা থেকে খিদিরপুর পর্যন্ত। সেই ট্রাম ১৯০৩ সাল থেকে চালু হয় ধর্মতলা থেকে টালিগঞ্জ পর্যন্ত। একই বছর আরও চালু হয় ধর্মতলা থেকে বেলগাছিয়া ও শিয়ালদহের মধ্যেও। আর ১৯০৫ সালে চালু হয় ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত।

আর ২০১৭ সালে সেই ট্রাম রুট কমে দাঁড়ায় ১৫টিতে। ট্রামের সংখ্যাও হ্রাস পেয়ে দাঁড়ায় ৬৫ থেকে ৭০টিতে। আর ট্রামলাইনের দৈর্ঘ্য কমে দাঁড়ায় ২২ কিলোমিটারে। একসময় ছিল ৮০ কিলোমিটার। যাত্রীসংখ্যা প্রতিদিন ৮০ হাজার থেকে কমে দাঁড়ায় ২০ থেকে ২১ হাজারে।

ট্রামের ১৫০ বছর পূর্তিতে আজ সকালে রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠান

তবু বলতে হয়, এখনো কলকাতার এই ঐতিহ্যবাহী ট্রামে চলার জন্য বিদেশ ও ভারতের বিভিন্ন রাজ্য থেকে ছুটে আসেন পর্যটকেরা। তাঁরা উঠতে চান এই ট্রামে। অনুভব করতে চান ট্রামে চলার এক অনাবিল আনন্দ। সেকাল থেকে একালেও ট্রামের গতি ছিল বা এখনো রয়েছে কম। তাই তো অনেকেই ট্রামে চলতে আনন্দ পান বেশি। কলকাতায় বহু পর্যটককে এখনো খুঁজতে দেখা যায় ট্রামকে।

গতি ধীর হলেও ট্রামের একটি বৈশিষ্ট্য হলো দূষণহীন একটি গণপরিবহন। তাই নতুন করে দাবি উঠেছে কলকাতার এই ঐতিহ্যকে মুছে না দেওয়ার।

রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, ‘১৫০ বছর চালিয়ে তাকে আমরা বিদায় জানাব না। বাঁচিয়ে রাখব।’

গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কলকাতার ট্রামকে বাঁচিয়ে রাখার জন্য অনুরোধ করেন রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমকে।
পৌরমন্ত্রী বলেন, কলকাতার ট্রাম বন্ধ হবে না। এর ঐতিহ্য টিকিয়ে রাখা হবে।

গত বুধবার রাজ্যের বিরোধী দলে সিপিএম এক সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তোলে, ট্রামকে কলকাতা শহর থেকে তুলে দেওয়ার চেষ্টা চলছে। বিক্রি করে দিচ্ছে ট্রামের বহু সম্পত্তি। ট্রাম ডিপোর জায়গা বিক্রি করে তা তুলে দেওয়া হচ্ছে প্রোমোটারদের হাতে।

তাই কলকাতার এই ট্রামকে রক্ষা করার জন্য আজ শুক্রবার বিকেলে ট্রামের ১৫০ বছর পূর্তির দিনে বামফ্রন্ট কলকাতার ১০টি ট্রাম ডিপোর সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের আয়োজন করেছে। সিপিএমের কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার বলেছেন, ‘আমরা কলকাতা শহর থেকে ট্রামের ঐতিহ্যকে মুছে দিতে দেব না। আন্দোলন চালিয়ে যাব। কম খরচের পরিবেশবান্ধব গণপরিবহন হলো এই ট্রাম। তাই আমাদের দাবি অবিলম্বে কলকাতার ট্রামকে রক্ষা করার। এই দাবিতে আমাদের আন্দোলন চলবে।’