ভারতে মোদি সরকার ‘ভুয়া’ খবর আটকাতে চায়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ফাইল ছবি: রয়টার্স

ভারতের কেন্দ্রীয় সরকার যেসব তথ্য বা খবর ‘ভুয়া’ বলে চিহ্নিত করবে, তা কোনো সামাজিক বা ডিজিটাল মাধ্যম প্রকাশ বা প্রচার করতে পারবে না। প্রকাশিত হলেও তা প্রত্যাহার করতে হবে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংশ্লিষ্ট আইনের খসড়া সংশোধনীতে এই প্রস্তাব করেছে।

বৃহস্পতিবার কংগ্রেস এই কেন্দ্রীয় উদ্যোগকে ‘প্রেস সেন্সরশিপ’ বলে বর্ণনা করে জানিয়েছে, সরকার এই সংশোধনীর মধ্য দিয়ে মুক্ত কণ্ঠস্বর চাপা দিতে চাইছে। এডিটরস গিল্ড অব ইন্ডিয়া গত বুধবারই ওই সংশোধনী বাতিল করার দাবি জানিয়েছে। বলেছে, এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হোক, যাতে সংবাদপত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত না হয়।

নতুন সংশোধনী অনুযায়ী, প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) অথবা সরকারের অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত বিভাগ কোনো তথ্যকে ‘ভুয়া অথবা অসত্য’ চিহ্নিত করলে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অথবা কোনো ডিজিটাল বা অনলাইন মাধ্যমে তা প্রকাশ বা প্রচার করতে পারবে না। প্রকাশিত হলেও তা প্রত্যাহার করে নিতে হবে। এমন উদ্যোগ যে নেওয়া হতে চলেছে, গত অক্টোবর মাসেই সরকার সেই ইঙ্গিত দিয়েছিল। এখন মনে করা হচ্ছে, সংসদের বাজেট অধিবেশনে সরকার এই সংশোধনী পাস করাবে।

কংগ্রেস মুখপাত্র পবন খেরা গতকাল এই উদ্যোগের বিরোধিতা করে বলেন, কোনটি খবর, কোনটি নয়; কোনটি ভুল, কোনটি ঠিক—মোদি সরকারই তা ঠিক করে দেবে। সরকারকে বিরোধিতার মধ্যে পড়তে হয়, এমন কিছুই তারা প্রকাশ হতে দেবে না। এইভাবে বুলডোজার চালানো মোদি সরকারের কাছে নতুন নয়। ‘গদি মিডিয়া’ মোদি সরকারই তৈরি করেছে। এবার তারা ‘গদি সামাজিক মিডিয়া’ তৈরি করতে চাইছে। কংগ্রেসের দাবি, সংশোধনী প্রত্যাহার করে সংসদে এই বিষয়টি আলোচনা করা হোক।

এডিটরস গিল্ড তার বিবৃতিতে জানিয়েছে, ২০২১ সালেই তারা সরকারের এই ধরনের উদ্যোগের বিরোধিতা করেছিল। সংবাদপত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্বের আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছিল। এসব নিয়মবিধি ডিজিটাল সংবাদমাধ্যমের ওপর অযৌক্তিক বিধিনিষেধ জারি করবে, যার ফলে গণমাধ্যমের ওপর আক্রমণ নেমে আসবে।