
ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এক পক্ষ অন্য পক্ষের সমর্থকদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছে। বেশ কয়েকটি গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। এতে দুই নিরাপত্তারক্ষী নিহত ও সাত পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ডাকা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের কাছেই একটি মন্দিরে প্রায় ২ হাজার ৫০০ নারী-পুরুষ ও শিশু আশ্রয় নিয়েছে।
গুরুগ্রামে ইন্টারনেটের সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় বড় ধরনের যেকোনো জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
গুরুগ্রাম–সংলগ্ন নুহ এলাকায় একটি ধর্মীয় শোভাযাত্রা চলাকালে সহিংসতা শুরু হয়। ব্রিজ মন্ডল জালাভিষেক যাত্রা নামে এ শোভাযাত্রা বের করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। শোভাযাত্রাটি গুরুগ্রাম–আলওয়ার জাতীয় মহাসড়কে উঠলে একদল তরুণ শোভাযাত্রা থামিয়ে দিয়ে পাথর ছুড়তে শুরু করেন।
সহিংসতার মাত্রা বাড়তে শুরু করলে সরকারি ও ব্যক্তিমালিকানাধীন বেশ কয়েকটি গাড়ি উন্মত্ত জনতার রোষের মুখে পড়ে।
এ শোভাযাত্রায় অংশ নিতে আসা প্রায় ২ হাজার ৫০০ মানুষ নুলহার মহাদেব মন্দিরে আশ্রয় নিয়েছেন। তাঁদের গাড়ি বাইরে পার্ক করা। পুলিশ এখনো তাঁদের উদ্ধার করতে পারেনি।
খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বজরং দলের এক কর্মীর আপত্তিকর একটি ভিডিও পোস্টকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
সূত্র বলছে, বজরং দলের সদস্য মনু মনেশ্বর ও তাঁর সহযোগীরা কয়েক দিন আগে ভিডিওটি পোস্ট করেছিলেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, যাত্রার সময় তিনি মেবাটে থাকবেন।
অনেকেই দাবি করেন, যাত্রার সময় তাঁদের সেখানে দেখা গেছে।