দক্ষিণ কলকাতার ধনধান্য স্টেডিয়ামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা, ১৮ মে ২০২৬
দক্ষিণ কলকাতার ধনধান্য স্টেডিয়ামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা, ১৮ মে ২০২৬

শুভেন্দুর মন্ত্রিসভার বৈঠকে ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে চালু থাকা ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাস থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া পূর্ববর্তী সরকারের আমলের নারী নির্যাতন ও দুর্নীতির তদন্তে পৃথক দুটি কমিশন গঠন করা হয়েছে।

আজ সোমবার রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল এ তথ্য জানান। তিনি বলেন, ধর্মের নামে চালু থাকা সব প্রকল্প এই সরকার বন্ধ করে দিতে চায়। তাই ধর্মীয় অনুপ্রেরণায় দেওয়া ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা আগামী মাস থেকে আর দেওয়া হবে না।

মন্ত্রিসভার এই বৈঠকেই নারী ও শিশু নির্যাতন এবং সরকারি প্রকল্পে দুর্নীতির তদন্তে দুটি পৃথক কমিশন গঠন করেছে রাজ্য সরকার। এর মধ্যে গত ১৫ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং নারী সুরক্ষার ঘাটতি তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে।

অন্যদিকে রাজ্যের সরকারি প্রকল্পের দুর্নীতির তদন্তের জন্য গঠিত দ্বিতীয় কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে। ভুক্তভোগীরা এই কমিশনগুলোর কাছে তাঁদের অভিযোগ জানাতে পারবেন। আগামী ১ জুন থেকে কমিশন দুটি কাজ শুরু করবে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়ে তাঁদের বিচারের সম্মুখীন করতে পারবে কমিশন।

দক্ষিণ কলকাতার ধনধান্য স্টেডিয়ামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এক শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা, ১৮ মে ২০২৬

এদিকে মন্ত্রিসভার বৈঠকের পর আজ দক্ষিণ কলকাতার ধনধান্য স্টেডিয়ামে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, আজ থেকে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের ঘোষিত শিক্ষানীতির সঙ্গে যুক্ত হলো। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখাই নতুন সরকারের লক্ষ্য।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এই সরকার নারীশিক্ষাকে অগ্রাধিকার দেবে এবং সরকারি শিক্ষাব্যবস্থার উন্নয়ন করবে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দিয়ে শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করা হবে। রাজ্যের মেধা যেন বাইরে চলে না যায়, সে জন্য শিক্ষার সার্বিক উন্নয়নে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, ‘এবার তোমরা ভয়কে করে দাও আউট আর জয়কে করো ইন। তোমরাই হবে এই জাতির অভিভাবক। রাজ্যবাসী তাই তোমাদের দিকেই তাকিয়ে আছে।’