
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাগরদিঘি আসনের উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট প্রার্থী বায়রন বিশ্বাস জয়ী হলেন। একটিমাত্র উপনির্বাচনে জয়ী হওয়া হয়তো বড় কোনো বিষয় নয়। তবে পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য এ জয় নতুন এক দ্বার উন্মোচন করেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এই জয়ের মাধ্যমে রাজ্যে বিজেপি ও তৃণমূল বিরোধী বাম-কংগ্রেস জোট গঠনের পথ প্রশস্ত হলো।
সাগরদিঘি আসনটি ছিল তৃণমূল নেতা ও সাবেক মন্ত্রী সুব্রত সাহার। পরপর তিনবার তিনি এই আসনের তৃণমূল প্রার্থী হিসেবে জয়লাভ করেন। কিন্তু সুব্রত সাহার অকালমৃত্যুতে এই আসনটি শূন্য হলে এবার সেই আসনে বাম-কংগ্রেস একজোট হয়ে প্রার্থী করেন কংগ্রেস নেতা বায়রন বিশ্বাসকে।
বাম-কংগ্রেস জোট এবার আদাপানি খেয়ে তাদের প্রার্থী বায়রন বিশ্বাসের পক্ষে প্রচারে নামেন। জিতিয়ে আনার লক্ষ্যে কাজ করে যান। আর বাম-কংগ্রেস নেতারা এই উপনির্বাচনে প্রচারের অস্ত্র করেন তৃণমূল সরকারের দুর্নীতি–কাণ্ডকে। শিক্ষাক্ষেত্রে চাকরির নামে কোটি কোটি টাকার ঘুষ, কয়লাখনি এবং বালি খাদান থেকে তৃণমূল নেতাদের চাঁদাবাজি, বিভিন্ন চাকরিতে ঘুষ ইত্যাদি নির্বাচনী ইস্যু হয়। বাম-কংগ্রেস জোট এসব দাবি নিয়ে সাগরদিঘিতে তৃণমূলবিরোধী ঝড় তোলেন। এই ঝড়েই এবার তছনছ হয়ে যায় সাগরদিঘির তৃণমূলের সাজানো বাগান।
বাম-কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ২২ হাজার ৯৮০ ভোটে তৃণমূল প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন।
এই জয়ের পর কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, ‘এবার প্রমাণিত হলো বাম দল এবং কংগ্রেস একজোট হয়ে নির্বাচনে লড়লে তৃণমূলকে পরাস্ত করা কঠিন নয়। এবার মানুষ এই রায় দিয়েছেন তৃণমূল সরকারের দুর্নীতিকে মেনে নিতে না পেরে। সামনে আসছে মমতার পরজয়ের দিন।
অধীর চৌধুরী এ কথাও বলেছেন, এই উপনির্বাচনের মাধ্যমে এটা প্রমাণিত হলো, কংগ্রেস এই রাজ্য থেকে এখনো শেষ হয়ে যায়নি। সামনে আসছে কংগ্রেসের সুদিন, মমতার দুর্দিন।
যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ওটা নীতিহীন ও আদর্শহীন এক জোট। রাজ্যের মানুষ তা মেনে নেয়নি।’
জয়ের পর বাম দল বলেছে, মোদির দালালি আর সংখ্যালঘু তাস খেলে মমতা আর পার পাবেন না। মানুষ এবার এই রাজ্যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে, জেগে উঠেছে। মানুষ সজাগ হয়েছে। সংখ্যালঘুরাও বুঝতে পেরেছে।
সাগরদিঘি মূলত মুসলিম প্রধান এলাকা। এ রাজ্যের মুসলিম ভোটের বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলই পায় বলে মনে করা হয়। তৃণমূলের এই ভরসার ভোটে কোপ পড়ল। আর এটা নিশ্চয়ই শাসক দলের জন্য সুখকর বিষয় নয়। কারণ, ক্ষমতাসীন তৃণমূল নানা দুর্নীতি–কাণ্ডে জেরবার। এর মধ্যে সংখ্যালঘুরাও যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে সেটা দলটির জন্য আগামী দিনে বড় বিপদ ডেকে আনতে পারে।
এ জয়ের মাধ্যমে আরেকটি বিষয় স্পষ্ট হলো তা হচ্ছে, বাম এবং কংগ্রেসের ঐক্য কাজে দেয়। আর এ ঐক্য অটুট থাকলে ভবিষ্যতে ভালো ফল আসতে পারে।
সিপিএম–কংগ্রেস জোট নিয়ে এই দুই দলের মধ্যে যারা বিরোধিতাকারী বা সংশয়বাদী ছিলেন, তাঁরাও কিছুটা হলেও সংশয়মুক্ত হবেন। মোদ্দা কথা, সাগরদিঘি বিধানসভার উপনির্বাচন বাম-কংগ্রেস জোটকে আরও ঐক্যবদ্ধ ও দৃঢ় হয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই করার পথ দেখিয়ে দিয়েছে। আর এবার এই রাজ্য বিধানসভায় কংগ্রেসের আসন শূন্য নয়, পূর্ণ হলো।
জয়ের পর সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছে, ‘সাগরদিঘিতে ৫১ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূলের। সেখান থেকে তাঁদের ভোট ৩৮ শতাংশে নেমে গেছে। বিজেপির ভোট প্রায় ১২ শতাংশ কমেছে। আর বামফ্রন্ট–সমর্থিত কংগ্রেস প্রার্থী ৪০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই ফল দেখে বোঝা যাচ্ছে, বাংলার মানুষ আগামী দিনে কী চাইছেন।’