হরিয়ানার জিন্দ শহরে উদ্বোধনী অনুষ্ঠানের পর ভারতীয় রেলওয়ের হাইড্রোজেনচালিত ট্রেনটি পান্ডু পিন্ডারা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ১৭ জুলাই, জিন্দ, হরিয়ানা, ভারত
হরিয়ানার জিন্দ শহরে উদ্বোধনী অনুষ্ঠানের পর ভারতীয় রেলওয়ের হাইড্রোজেনচালিত ট্রেনটি পান্ডু পিন্ডারা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ১৭ জুলাই, জিন্দ, হরিয়ানা, ভারত

ভারতে ডিজেল-বিদ্যুতের বিকল্প হিসেবে প্রথমবারের মতো চালু হলো হাইড্রোজেনচালিত ট্রেন

ভারতে প্রথমবারের মতো যাত্রীবাহী হাইড্রোজেনচালিত ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ডিজেল, পেট্রল বা বিদ্যুতের পরিবর্তে হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিনির্ভর এই ট্রেনকে পরিবেশবান্ধব ‘সবুজ ট্রেন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হরিয়ানা রাজ্যের জিন্দ রেলস্টেশন থেকে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, হাইড্রোজেনচালিত ট্রেনের যাত্রা ভারতের রেলওয়ের ইতিহাসে নতুন মাইলফলক। এই ট্রেন দেশবাসীর গর্বের দুয়ার খুলে দিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হরিয়ানা রাজ্যের জিন্দ রেলস্টেশন থেকে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৭ জুলাই, জিন্দ, হরিয়ানা, ভারত

ভারতের রেলওয়ে বোর্ড গত ২২ মে হাইড্রোজেনচালিত এই ট্রেনে যাত্রী পরিবহনের অনুমোদন দিয়েছে। ভারতীয় রেলওয়ে জানিয়েছে, ট্রেনটি হরিয়ানার জিন্দ থেকে সোনিপত রুটে চলবে। প্রায় ৮৯ কিলোমিটার দীর্ঘ এ পথে ট্রেনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭৫ থেকে ১১০ কিলোমিটার। জিন্দ স্টেশনে স্থাপিত বিশেষ হাইড্রোজেন রিফুয়েলিং স্টেশন থেকে ট্রেনে জ্বালানি সরবরাহ করা হবে।

হাইড্রোজেনকে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে ধরা হয়। এই প্রযুক্তিতে হাইড্রোজেন থেকে উৎপাদিত বিদ্যুতে ট্রেন চলে। ফলে ট্রেন থেকে প্রায় কোনো ধোঁয়া বা কার্বন নিঃসরণ হয় না। নির্গত হয় মূলত জলীয় বাষ্প।

বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে হাইড্রোজেনচালিত যানবাহন ব্যবহারে এগিয়েছে। জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান ও চীনে এই প্রযুক্তিতে ট্রেন ও বাস চলাচল করছে।

জিন্দ স্টেশনে স্থাপিত বিশেষ হাইড্রোজেন রিফুয়েলিং স্টেশন থেকে ট্রেনে জ্বালানি সরবরাহ করা হবে। ১৭ জুলাই, জিন্দ, হরিয়ানা, ভারত

ভারতীয় রেল জানিয়েছে, ২ হাজার ৪০০ কিলোওয়াট ক্ষমতার ইঞ্জিনসংবলিত ট্রেনটিতে ১০টি কোচ রয়েছে। এতে প্রায় ২ হাজার ৬০০ যাত্রী পরিবহন করা যাবে। প্রতিটি পাওয়ার কারে আছে হাইড্রোজেন ফুয়েল সেল, লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এবং হাইড্রোজেন সংরক্ষণের বিশেষ সিলিন্ডার। প্রতিটি পাওয়ার কার ১ হাজার ২০০ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে সক্ষম।

২ হাজার ৪০০ কিলোওয়াট ক্ষমতার ইঞ্জিনসংবলিত ট্রেনটিতে প্রায় ২ হাজার ৬০০ যাত্রী পরিবহন করা যাবে। ১৭ জুলাই, জিন্দ, হরিয়ানা, ভারত

নিরাপত্তার স্বার্থে ট্রেনটিতে হাইড্রোজেন লিক ডিটেক্টর, আগুন ও শিখা শনাক্তকারী, ধোঁয়া শনাক্তকরণ এবং তাপমাত্রা পর্যবেক্ষণের অত্যাধুনিক ব্যবস্থা রাখা হয়েছে।

ভারতীয় রেলওয়ে জানিয়েছে, ট্রেনটির নকশা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন। ভবিষ্যতে উত্তর ভারতের কালকা-শিমলা রুটেও এ ধরনের হাইড্রোজেনচালিত ট্রেন চালুর পরিকল্পনা আছে