
ভারতের মহারাষ্ট্র রাজ্যের রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) এক সদস্যের গুলিতে পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) চার ব্যক্তি নিহত হয়েছেন। রাজ্যের পালঘার রেলস্টেশনে চলন্ত ট্রেনে এই গুলির ঘটনা ঘটে। পালানোর চেষ্টাকালে ওই আরপিএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
আরপিএফের পক্ষ থেকে বলা হয়েছে, জয়পুর-মুম্বাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের ভেতরে গুলিতে এএসআইসহ চারজন নিহত হয়েছেন। অভিযুক্ত আরপিএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
কর্মকর্তারা বলেন, অভিযুক্ত সদস্য হচ্ছেন কনস্টেবল চেতন সিং। তিনি আজ সোমবার ভোরে তাঁর স্বয়ংক্রিয় অস্ত্র থেকে এলোপাতাড়ি গুলি করেন। গুলিতে আরপিএফে তাঁর সহকর্মী এএসআই টিকারাম মিনা নিহত হন। নিহত অন্য তিনজন ট্রেনের যাত্রী। ট্রেনটি জয়পুর থেকে মুম্বাই যাচ্ছিল।
কর্মকর্তারা জানান, টিকারাম মিনা রাজস্থান রাজ্যের সাওয়াই মাধোপুর এলাকার বাসিন্দা। চেতন সিংয়ের বাড়ি উত্তর প্রদেশের হাথ্রাসে। তাঁদের সঙ্গে ট্রেনের ওই বগিতে আরপিএফের আরও দুই সদস্য ছিলেন। পুলিশ এই দুজনের বক্তব্য রেকর্ড করেছে।
আরপিএফ আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, চেতন সিং তাঁর কোচ নম্বর বি৫-এ এআরএম রাইফেল থেকে এএসআই টিকারাম মিনা ও এক যাত্রীকে লক্ষ্য করে গুলি করেন। এরপর তিনি কোচ নম্বর এস৬ ও পাশের কোচে আরও দুই অজ্ঞাত যাত্রীকে গুলি করেন। সকাল ৬টা ১৮ মিনিটে ট্রেনটি বরিভালি স্টেশনে পৌঁছালে জিআরপি ও আরপিএফ কর্মকর্তারা চারটি মৃতদেহ ট্রেন থেকে বের করেন। নিহত তিন যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি।
কর্মকর্তারা বলেন, ওই ঘটনায় উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি করা হয়েছে। অভিযুক্ত চেতন সিংকে লোয়ার প্যারেলে রাখা হয়েছে।
কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার পর কনস্টেবল চেতন অন্য বগিতে যান এবং তিন যাত্রীকে গুলি করে হত্যা করেন।
রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা বলেন, পালঘার স্টেশন অতিক্রম করার পর পুলিশ কনস্টেবল চলন্ত ট্রেনের ভেতর গুলি করেন। এরপর তিনি দাহিসার স্টেশনের কাছে চেইন টেনে ট্রেন থামিয়ে নেমে যান। তবে মিরা রোডে পুলিশ তাঁকে আটক করে।