বিজেপির সংসদ সদস্য রমেশ বিধুরির সাম্প্রদায়িক মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন তাঁর দলের আরেক সংসদ সদস্য নিশিকান্ত দুবে। পাশাপাশি এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। বিধুরির এমন বক্তব্য সভ্য সমাজে খাটে না বলেও মন্তব্য করেছেন নিশিকান্ত। এদিকে বিধুরির শাস্তির দাবি জানিয়ে স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছে কংগ্রেসসহ বেশ কয়েকটি বিরোধী দল।
লোকসভায় বহুজন সমাজ পার্টির (বিএসপি) সংসদ সদস্য দানিশ আলী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে বিধুরির বিরুদ্ধে। এ অভিযোগে বিধুরিকে তাৎক্ষণিকভাবে সতর্ক করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এ ছাড়া রমেশ বিধুরির মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকেও বাদ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিশিকান্ত দুবে লিখেছেন, ‘লোকসভায় রমেশ বিধুরির বক্তব্য কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না। এ ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই। লোকসভার স্পিকারের উচিত দানিশ আলীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তদন্ত করা।’
নিশিকান্ত দুবে আরও বলেছেন, একজন সংসদ সদস্যের নির্ধারিত বক্তব্যের সময় বাধা সৃষ্টি করে পাল্টা মন্তব্য করা লোকসভার আইন নীতিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
বিজেপির সংসদ সদস্য রমেশ বিধুরির বক্তব্যে ভারতের বিরোধী দলগুলো ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে রমেশ বিধুরিকে কারণ দর্শানের নোটিশ পাঠিয়েছে তাঁর দল বিজেপি। তাঁকে ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এ ঘটনায় ভেঙে পড়েছেন দানিশ আলী। তিনি গতকাল সাংবাদিকদের বলেছেন, রমেশ বিধুরির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেবেন তিনি। তিনি আরও বলেছেন, অপমানের কারণে সারা রাত ঘুমাতে পারেননি।
লোকসভার এ ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলো। রমেশ বিধুরির শাস্তি চেয়ে লোকসভার স্পিকারের কাছে একাধিক চিঠি পাঠিয়েছে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেসসহ বেশ কিছু বিরোধী রাজনৈতিক দল।