মমতা বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত মজুমদার
মমতা বন্দ্যোপাধ্যায় ও সুকান্ত মজুমদার

সূর্যাস্তের পর জয়ের আশা মমতার, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে বললেন সুকান্ত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক জরুরি বার্তা দিয়েছেন। আজ সোমবার বেলা একটার দিকে তিনি এ বার্তা দেন।

মমতা জয় নিয়ে আশাবাদের কথা জানান। মন খারাপ না করে কর্মীদের লড়াই করতে আহ্বান জানান। অন্যদিকে রাজ্য বিজেপির সাবেক সভাপতি সুকান্ত মজুমদার এটিকে বাংলার মানুষের গণতন্ত্রের জয় বলে অভিহিত করেন। তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, বলেন তিনি।

ভিডিও বার্তায় মমতা বলেন, ‘দয়া করে কাউন্টিং এজেন্ট, প্রার্থীরা এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে ভোট গণনা হচ্ছে, সেটা ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান।’

মমতা অভিযোগ করে বলেন, ‘আমি আগেই বলেছিলাম, প্রথম দু–তিন রাউন্ডে ওদেরগুলো আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। প্রায় ১০০টা জায়গায় কাউন্টিং বন্ধ রেখে দিয়েছে। কল্যাণীতে ৭টা মেশিন পাওয়া গেছে, যেখানে কোনো মিল নেই।’

কেন্দ্রীয় বাহিনী চারদিকে তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার করছে বলে অভিযোগ করেন মমতা। এই বাহিনী জোর করে ভোট দখল করছে, অফিস ভাঙছে, এসআইআরে ভোট লুট করেছে বলে অভিযোগ করেন তিনি।

তৃণমূল কংগ্রেস ৭০ থেকে ১০০ আসনে এগিয়ে আছে। কিন্তু সেগুলো প্রকাশিত হচ্ছে না বলে অভিযোগ করেন মমতা। বলেন, ‘টোটাল মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে খেলছে। আমাদের পুলিশেরা মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর অধীনে কাজ করছে।’

কর্মীদের মন খারাপ করার কারণ নেই বলেন মমতা। তাঁদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমি বলেছিলাম সূর্যাস্তের পর জিতবেন। তিন রাউন্ড, চার রাউন্ড গণনা হলেও এটা ১৪ রাউন্ড থেকে ১৮ রাউন্ড হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি। ওয়াচ। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর বলছে, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় সোমবার বেলা ২টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৩ আসনে। আর তৃণমূল ৯৬ আসনে এগিয়ে।

এ পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাচ্ছে । অন্যদিকে বিরোধী দল বিজেপি পেতে যাচ্ছে বড় জয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে মমতা যখন জয় নিয়ে আশাবাদের কথা বলছেন, তখন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, এটি বাংলার মানুষের গণতন্ত্রের জয়। তিনি বলেন, ‘আমরা আগেই বলেছিলাম বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে। বর্তমান ট্রেন্ড প্রমাণ করছে যে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গেছে।’

একদিকে সুকান্ত মজুমদারের বিজয়োল্লাস, অন্যদিকে মমতার জয়ের আশা—সব মিলিয়ে বাংলার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, তা জানতে এখন অপেক্ষা বিকেলের চূড়ান্ত ফলাফলের।