মমতার ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়
মমতার ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়

ভাইপোর বিয়েতে যোগ দিতে দার্জিলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ছেলে আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়েতে যোগ দিতে গতকাল বুধবার বিকেলে গেছেন দার্জিলিংয়ের কার্শিয়াং। আজ বৃহস্পতিবার বিয়ে। আবেশ বিয়ে করছেন এক পাহাড়ি কন্যাকে। নাম সাক্ষী। বিয়েও হচ্ছে কার্শিয়াংয়ে কনের পিত্রালয়ে।

আবেশ বন্দ্যোপাধ্যায় পেশায় চিকিৎসক। পাস করেছেন কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে। তাঁর বিয়েতে যোগ দিতে মমতা গতকাল বিকেলেই পৌঁছান কার্শিয়াংয়ে। সেখানে পৌঁছালে তাঁকে স্বাগত জানান গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনিত থাপা।

কার্শিয়াংয়ে মমতা উঠেছেন আমা মাকাইবাড়ি বাংলোয়। তাঁর ভাইয়ের ছেলে আবেশের বিয়ে হচ্ছে কার্শিয়াংয়ের তাজটিয়া কুটিরে।

আজ বিয়েতে যোগ দিতে আরও যাচ্ছেন মমতার আরেক ভাইয়ের ছেলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের খুড়তুতো ভাই আবেশ। এই বিয়ের বরকর্তা হলেন কলকাতার মেয়র ও রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনিও যোগ দিচ্ছেন বিয়েতে। আবেশের ‘ভিক্ষা মা’ হলেন ফিরহাদ হাকিমের সহধর্মিণী। ৯ ডিসেম্বর মমতার কলকাতায় ফেরার কথা রয়েছে।

১০ ডিসেম্বর কলকাতায় হবে আবেশের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান বা বউভাত। এই অনুষ্ঠান হচ্ছে কলকাতার সল্টলেকের ইকোপার্কে। ২০২২ সালের মার্চে মমতা পাহাড় সফরে গিয়ে বলেছিলেন, এবার তাঁদের পরিবারে এক পাহাড়ি কন্যা আসছে বউ হয়ে। সেই কন্যারই আজ বিয়ে হচ্ছে মমতার ভাইপো আবেশের সঙ্গে।