
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ের রাজনীতি নতুন মোড় নিয়েছে। তৃণমূল কংগ্রেসের দার্জিলিং প্রধান বিনয় তামাং দল ছেড়েছেন। গতকাল বুধবার বিকেলে দল ছাড়ার ঘোষণা দেন তিনি। এ ঘটনা পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
বিনয় তামাং দার্জিলিংয়ের রাজনীতিতে অনিত থাপার বিরোধী হিসেবে পরিচিত। সেই অনিত থাপার নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার (বিজিপিএম) সঙ্গে কয়েক দিন আগে জোটবদ্ধ হয় তৃণমূল।
গতকাল বুধবার অনাস্থা প্রস্তাবের মাধ্যমে এই জোট দার্জিলিং পুরসভার দায়িত্ব নেয়। অনাস্থা ভোটে তারা অজয় এডওয়ার্ড নামের স্থানীয় এক নেতার নেতৃত্বাধীন হামরো পার্টিকে পরাজিত করে। এতদিন দার্জিলিং পুরসভা হামরো পার্টির নিয়ন্ত্রণে ছিল।
বিজিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল পুরসভা নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই দল ছাড়ার ঘোষণা দেন বিনয় তামাং। সাংবাদিকদের তিনি বলেন, তাঁর দল বিজিপিএমের সঙ্গে হাত মিলিয়ে অনৈতিকভাবে দার্জিলিং পুরসভা দখল করেছে। হামরো পার্টির ছয়জন সদস্যকে ভাঙিয়ে তৃণমূল-বিজিপিএম জোট পুরসভা দখল করেছে যা তাঁর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
বিনয় তামাং বলেন, ‘দার্জিলিংয়ের গণতন্ত্রের জন্য এটা একটা হুমকি। আমি দল ছেড়ে দিচ্ছি। আমার বিরুদ্ধে দল শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে ব্যবস্থা নিতে পারে; আমি তার জন্য প্রস্তুত।’
এ দিন অজয় এডওয়ার্ড এবং দার্জিলিংয়ের পুরোনো দল গোর্খা জনমুক্তি মোর্চার (জিজেএম) নেতা বিমল গুরুংয়ের সঙ্গেও বৈঠক করতে দেখা গিয়েছে বিনয় তামাংকে। তিনি এবার গুরুং ও এডওয়ার্ডের সঙ্গে হাত মেলাবেন বলেই মনে করা হচ্ছে।
দার্জিলিং পুরসভায় মোট ৩২টি আসন আছে। এর মধ্যে তৃণমূল-বিজিএমের সঙ্গে রয়েছেন ১৬ জন কাউন্সিলর। অন্যদিকে হামরো পার্টি ও জিজেম জোটে রয়েছেন ১৫ জন কাউন্সিলর। বিজয়ী কাউন্সিলর ইস্তফা দেওয়ায় শূন্য হওয়া ২৪ নম্বর ওয়ার্ডে এখনো ভোট হয়নি।
শেষ পর্যন্ত তৃণমূল এবং বিজিপিএম জোট পুরসভার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। তবে, এই ঘটনাকে কেন্দ্র করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে দার্জিলিংয়ের রাজনীতি সরগরম হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।