বিকাশ রঞ্জন ভট্টাচার্য
বিকাশ রঞ্জন ভট্টাচার্য

সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাসায় হামলা

কলকাতার সাবেক মেয়র ও সিপিএমের রাজ্যসভার সাবেক সংসদ সদস্য বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে হওয়া এ হামলায় কলকাতায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোরবেলা এক দুষ্কৃতকারী দক্ষিণ কলকাতার পূর্বালোকে তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে তাণ্ডব চালায়। সেখানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে এ হামলার দৃশ্য দেখা যায়।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুষ্কৃতকারীরা সুপরিকল্পিতভাবে নিজেদের মুখ এবং ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট ঢেকে এসেছিল। তারা বাড়ির সামনের সিসিটিভি ক্যামেরাটি গুঁড়িয়ে দেয় এবং বাসভবন লক্ষ্য করে এলোপাতাড়ি ইট ও মদের বোতল ছুড়তে থাকে। হামলা চলাকালে হিন্দুত্ববাদী স্লোগানও দেওয়া হয়।

এই হামলার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রবীণ এই বামপন্থী নেতা বলেন, এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং একটি সুপরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ। সন্ত্রাসীদের এই ধরনের হুমকিতে তিনি ভীত নন, তিনি আত্মরক্ষার জন্য দ্রুত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করবেন বলেও জানান।

১৯৫১ সালের ২৭ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভারতের বামপন্থী রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব। তিনি ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত কলকাতা পৌর সংস্থার মহা নাগরিক বা মেয়র হিসেবে দায়িত্ব সামলেছেন। পেশাগত জীবনে কলকাতা হাইকোর্টের একজন প্রবীণ ও অত্যন্ত প্রভাবশালী আইনজীবী হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। সারদা ও নারদার মতো একাধিক চাঞ্চল্যকর দুর্নীতি মামলার আইনি লড়াইয়ে তিনি প্রথম সারিতে থেকেছেন।

রাজনীতির ময়দানেও তাঁর ভূমিকা দীর্ঘদিনের। ২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং ভারতের উচ্চকক্ষে সিপিআইয়ের (এম) সংসদীয় দলনেতার দায়িত্ব সামলান।

সাম্প্রতিক সময়ে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের নানা রাজনৈতিক ও সামাজিক পদক্ষেপের বিরুদ্ধে তিনি অন্যতম সোচ্চার কণ্ঠস্বর। রাজ্যসভার ভেতরে ও বাইরে বিজেপি সরকারের বিভিন্ন নীতি, সাম্প্রদায়িক মেরুকরণ এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আঘাতের বিরুদ্ধে তিনি তীব্র আইনি ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলেছেন। সংবিধান রক্ষা ও ধর্মনিরপেক্ষতা বজায় রাখার তাগিদে তিনি দেশের বিভিন্ন নাগরিক মঞ্চে নিয়মিত সওয়াল করে আসছেন। তাঁর এই কট্টর মোদিবিরোধী ও গেরুয়া শিবিরবিরোধী অবস্থানের কারণে তাঁকে প্রায়ই বিরোধী শিবিরের তোপের মুখে পড়তে হয়।

বিকাশ ভট্টাচার্য সম্প্রতি বিরোধীদের ‘ভারত জোড়ো অভিযান’ আয়োজিত ভোটার তালিকা সংশোধন (এসআইআর) বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছেন। এই আন্দোলনের মঞ্চে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভয় থিপসে, প্রবীণ রাজনীতিক সলমন খুরশিদ, বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ, রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব, সংসদ সদস্য সৌগত রায় এবং শিক্ষাবিদ অপূর্বনন্দ ঝা-এর মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা।