ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আইএসএফের প্রতিবাদ মিছিল। কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত, ২৯ সেপ্টেম্বর
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আইএসএফের প্রতিবাদ মিছিল। কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত, ২৯ সেপ্টেম্বর

ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কলকাতা ও শিলিগুড়িতে বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন বা এসআইআরের নামে প্রকৃত ভোটারকে বাদ দেওয়ার প্রতিবাদে শামিল দেশের বিভিন্ন রাজ্যের ভোটাররা। তাঁরা এই এসআইআরের নামে ভোটারের নাম বাদ দেওয়ার জন্য দায়ী করেছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে দেশব্যাপী আন্দোলন চলছে। কলকাতায়ও জ্ঞানেশ কুমারকে বরখাস্তের দাবিতে জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএমসহ বামফ্রন্ট আন্দোলন করছে।

মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) উদ্যোগে কলকাতায় জ্ঞানেশ কুমারকে অবিলম্বে বরখাস্তের দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে। মিছিলের নেতৃত্ব দেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি। নওশাদ সিদ্দিকি আইএসএফের একমাত্র বিধায়ক, যিনি দক্ষিণ ২৪ পরগনার ভাঙর আসন থেকে জয়ী হয়েছেন এবার। ২০২১ সালের জানুয়ারিতে এই আইএসএফ রাজনৈতিক দলটি গঠন করেছেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। দলটি ধর্মনিরপেক্ষতার আদর্শে লালিত।

এদিন উত্তরবঙ্গের শিলিগুড়িতে এসইউসিআইয়ের ডাকে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সেখান থেকে দাবি উঠেছে অবিলম্বে জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করে পুরোনো ভোটার তালিকা দিয়ে সব নির্বাচন করতে হবে।

এদিকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বুধবার দিল্লিতে বিজেপিবিরোধী জোট ইন্ডি দিল্লিতে বৈঠক আয়োজন করেছে। এই বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মমতা তৃণমূলের সাবেক রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছেন। তাঁরা ইন্ডির বৈঠকে যোগ দেবেন।

নন্দীগ্রাম আসনের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেসের করা মামলা খারিজ

এই রাজ্যের শূন্য দুই বিধানসভা আসনের উপনির্বাচন হওয়ার কথা ৬ অক্টোবর। আসন দুটি হলো মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। নন্দীগ্রাম আসনে মমতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী না থাকলেও বিজেপির প্রার্থী রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাবেক ব্যক্তিগত সহকারী বা পিএ চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ।

এবারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দুই দিন পর ৬ মে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে নিজের বাড়িতে ফেরার পথে খুন হন চন্দ্রনাথ। ওই আসনে বিজেপি প্রার্থী করে চন্দ্রনাথের মা হাসিরানী রথকে।

হাসিরানী রথ নন্দীগ্রাম আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় নিজের বয়স ৬০ বছর লিখলেও তাঁর জন্মসাল লেখেন ১৯৬৬ সাল। আর মাধ্যমিক পাসের সাল লেখেন ১৯৬৫। এই ভুল যাচাইয়ের সময় ধরা না পড়ায় কোনো আপত্তি ওঠেনি। কিন্তু পরে এই তথ্য প্রকাশ্যে আসায় কংগ্রেস নন্দীগ্রাম আসনে এই ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র দাখিল করায় হাসিরানীর প্রার্থী পদ বাতিলের দাবি ওঠে । এ নিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টে একটি মামলা করলে হাইকোর্ট উভয় পক্ষের শুনানি নিয়ে মঙ্গলবার মামলাটি খারিজ করে দেন। নির্দেশে বলেন, যাচাইয়ের সময় সময় কোনো আপত্তি না ওঠায় এখন আর এ দাবি মেনে নেওয়া যায় না।