রাজস্থান রাজ্যের বিদ্যুৎ বিভাগের কর্মীরা খাম্বা থেকে সড়কবাতি খুলে নিয়ে যাচ্ছেন
রাজস্থান রাজ্যের বিদ্যুৎ বিভাগের কর্মীরা খাম্বা থেকে সড়কবাতি খুলে নিয়ে যাচ্ছেন

বিজেপি প্রার্থী ভোটে হারলেন, তাই খুঁটি থেকে খুলে নেওয়া হলো সড়কবাতি

ভেবেছিলেন জিতবেন। সেই ভাবনা অনুযায়ী গ্রামবাসীদের কষ্ট দূর করতে বিজলিবাতিও লাগিয়েছিলেন। ঝলমল করে উঠেছিল অন্ধকারে ডুবে থাকা গ্রামগুলোর পথঘাট। পঞ্চায়েত ভোটে হারের পর আবার অন্ধকারে ছেয়ে গেল গ্রামগুলো। ভোট না দেওয়ার শোধ নাকি এভাবেই তুলেছেন স্থানীয় বিজেপির নেতা।

মরুরাজ্য রাজস্থানের পঞ্চায়েত ভোটে শাসক বিজেপির ভরাডুবি হয়েছে। ওই রাজ্যের টোঙ্ক জেলায় পঞ্চায়েত সমিতির নির্বাচনে স্থানীয় এক বিজেপি নেতার স্ত্রী এবার প্রার্থী হয়েছিলেন। ভোটে দাঁড়াবেন বলে গ্রামের অন্ধকার রাস্তায় বিজলি বাতিও তিনি লাগিয়েছিলেন।

সন্ধ্যার পর থেকে ঝলমলে হয়ে উঠত এতকাল অন্ধকারে ডুবে থাকা রাস্তা। গ্রামবাসী খুশি হয়েছিলেন। কিন্তু সেই সুখ যে ক্ষণস্থায়ী এবং শর্ত সাপেক্ষ, তা তাঁরা বোঝেননি। বুঝলেন ভোটের ফল প্রকাশের পর। তাঁরা দেখলেন, হারার রাগে খুলে নেওয়া হলো আলো। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

বিজলিবাতি লাগানো হয়েছিল টোঙ্ক জেলার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের চারটি গ্রামে। রনোলি গ্রাম পঞ্চায়েতের অধীন কুমহারন কি ধানি, বেগমপুরা, হানিফগঞ্জ ও বিজলপুরা গ্রামে বিদ্যুতের খুঁটি ছিল কিন্তু আলো ছিল না।

ভোটের আগে সেখানে লাগানো হয় অন্তত ৫০টি আলো এলইডি সড়ক বাতি। ওই পঞ্চায়েত যে বিধানসভার অন্তর্গত, সেখানকার বিধায়ক বিজেপির। রামসেবক বর্মা। বিজেপির সেই নেতার ঘনিষ্ঠ অলোক শর্মা। অলোকের স্ত্রী প্রিয়াঙ্কা বিজেপির টিকিটে পিপলু পঞ্চায়েত সমিতির ভোটে এবার প্রার্থী হয়েছিলেন।

প্রিয়াঙ্কা ভেবেছিলেন সহজেই জিতে যাবেন। কিন্তু গ্রামীণ রাজস্থানের রায় যে এভাবে বিজেপির বিরুদ্ধে যাবে তিনি ভাবেননি। কংগ্রেসপ্রার্থীর কাছে হেরে যাওয়ার পরপরই দেখা যায়, স্থানীয় বিদ্যুৎ দপ্তরের ‘ফল্ট রিপেয়ার’ দলের কর্মীরা গাড়ি নিয়ে কুমহারন কি ধানি গ্রামে এলেন। একটার পর একটা খুঁটিতে উঠে খুলতে লাগলেন বিজলিবাতি। ১০টি খুঁটি থেকে আলো খুলে নেওয়ার পর সরকারি কর্মীরা গ্রামবাসীদের বাধার মুখে পড়েন। ফলে ৪০টি খুঁটির বাতি খোলা যায়নি।

এরপর প্রশ্নের মুখে পড়েন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেডের নির্বাহী প্রকৌশলী এডি আর মীনা গণমাধ্যমকে বলেন, তাঁদের কর্মীরা বাতি মেরামত করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে দেখা যায়, অনুমোদনহীন ও বেআইনিভাবে সংযোগের মাধ্যমে আলো জ্বালানো হয়েছে। তখন তাঁরা তা খুলতে থাকেন। কে ওইভাবে আলো লাগিয়েছিলেন, বিদ্যুৎ–সংযোগের চরিত্রই–বা কী ছিল, তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রামবাসী ওই দাবি মানতে চাননি। তাঁরা বলেন, খুঁটিতে বাতি লাগানোর কাজ হয়েছিল পার্টির তদারকিতে। পার্টির নির্দেশেই বিদ্যুৎ বিভাগ বাতি লাগিয়েছিল। বিদ্যুৎ–সংযোগও তাদেরই দেওয়া। ভোটের অনেক দিন আগেই বাতি লাগানো ও জ্বালানো হয়েছে। তাঁদের প্রশ্ন, বিষয়টি বেআইনি হলে বিদ্যুৎ বিভাগ এত দিন কেন তা দেখেনি? কেন ভোটে শাসক দলের প্রার্থীর হারের পর এই তৎপরতা?

বিজেপির স্থানীয় বিধায়ক রামসেবক বর্মা অবশ্য এই ক্ষেত্রে রাজনীতির রং দেখতে রাজি নন। তিনি গণমাধ্যমকে বলেছেন, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কার হারের সঙ্গে বাতি খোলার কোনো সম্পর্কই নেই।

রামসেবক স্বীকার করেন, দীপাবলির আগে প্রিয়াঙ্কার উদ্যোগেই বাতিগুলো লাগানো হয়েছিল। তবে তাঁর হারার সঙ্গে বাতি খুলে নেওয়া সম্পর্কহীন।

প্রিয়াঙ্কার স্বামী আরও বলেন, বিদ্যুতের বিল পরিশোধের বিষয়টি এত দিন ধরে ঝুলে ছিল। কারা বিল মেটাবে সেটা ঠিক হয়নি। শোনা যাচ্ছে, নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান বিল মেটাতে রাজি হয়েছেন। তাঁদের আশ্বাসের ফলে বাকি খুঁটিগুলো থেকে বাতি খোলা হয়নি।

বিজেপিশাসিত রাজ্যে এমন ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। কোথাও আলো লাগিয়ে খুলে নেওয়া হচ্ছে তো কোথাও সব কিছু থাকলেও রাস্তা নিষ্প্রদীপ। গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর রাজ্য গুজরাটে গিয়েছিলেন ‘রাষ্ট্রীয় একতা দিবসের’ অনুষ্ঠানে যোগ দিতে।

অনুষ্ঠান শেষে বরোদা থেকে সড়ক পথে ফেরার সময় মোদি দেখেন, এক এলাকায় কোনো আলোই নেই। দেখা যায়, পর পর ১৪টি স্ট্রিটলাইট খারাপ। ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর নির্দেশে এরপর ডাভোই পৌরসভার আলো বিভাগের কর্তাকে কর্তব্যে গাফিলতির দরুন সাময়িক বরখাস্ত করা হয়।