
ভারতের হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একচেটিয়া ক্ষমতা খর্ব করার যে চেষ্টা কেন্দ্রীয় সরকার শুরু করেছে, গতকাল মঙ্গলবার এর নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আমরা বিচারব্যবস্থার সম্পূর্ণ স্বাধীনতা চাই। যেভাবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা বিচারব্যবস্থার লাগাতার সমালোচনা করছেন, তাতে আমি নিশ্চিত, কেন্দ্রীয় সরকারের কোনো নির্দিষ্ট মতলব আছে। তারা কোনো নতুন ধরনের পরিকল্পনা করছে।’
গত রোববার কেন্দ্রের আইনমন্ত্রী কিরণ রিজিজু সুপ্রিম কোর্টকে চিঠি লিখে জানিয়েছেন, বিচারপতি নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ের কমিটিতে সরকারি প্রতিনিধি রাখা প্রয়োজন। সেই পরিপ্রেক্ষিতেই আজ উত্তর–পূর্ব ভারতের মেঘালয় রাজ্যে সাংবাদিক বৈঠকে এ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এখন যে নিয়ম আছে, তা হলো হাইকোর্ট বিচারপতিদের তালিকা পাঠান সুপ্রিম কোর্টে। তারপর সেই তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয় অনুমোদনের জন্য।
কিন্তু সরাসরি কেন্দ্রীয় সরকার বিচারপতি নির্বাচন করে না। এখন কেন্দ্রীয় সরকার সরাসরি বিচারপতি নিয়োগ করতে চাইছে। এটা আমরা একেবারেই চাই না। আমরা চাই বিচারব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন থাকুক এবং গণতান্ত্রিক অধিকারগুলো রক্ষা করা হোক।’
বিচারপতি নিয়োগে কেন্দ্রের হস্তক্ষেপের বিষয়ে এই প্রথম ভারতীয় জনতা পার্টির সরকারকে সরাসরি আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার সরাসরি বিচারপতি নিয়োগের পরিকল্পনা দীর্ঘদিন ধরেই করছে।
মমতা বলেন, ‘আমরা ইতিমধ্যেই দেখেছি, কলকাতা হাইকোর্ট যেসব নাম সুপারিশ করে পাঠাচ্ছে, তার মধ্যে এমন অনেকে রয়েছেন, যাঁরা কেন্দ্রীয় সরকারকে পছন্দ করেন বা তাদের সমর্থক। তাঁদের নাম এক মাসের মধ্যে অনুমোদন করে দেওয়া হচ্ছে। আর যাঁরা তাদের (কেন্দ্র সরকারের) সমর্থক নন, তাঁদের তিন বছর ধরে ঝুলিয়ে রাখা হচ্ছে, বিচারপতি হতে দেওয়া হচ্ছে না।’
মমতার মতে, ভারতে শাসনব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে এবং কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে। মমতা বলেন, গণতন্ত্র সম্পূর্ণ ধ্বংসের মুখোমুখি। কিন্তু এখনো বিচারব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। আমরা মনে করি যে এই ব্যবস্থায় হস্তক্ষেপ করার কারও অধিকার নেই।
মেঘালয় ও আসামের মধ্যে যে সীমান্ত সমস্যা রয়েছে, তা শান্তিপূর্ণভাবে মিটে যাবে বলেও তিনি মন্তব্য করেন।