
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিচার বিভাগের সংঘাত দিন দিন বেড়ে চলেছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি নিয়োগ ও বদলির সিদ্ধান্তের শরিক হতে চেয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু এবার চিঠি লিখলেন দেশের প্রধান বিচারপতিকে। তাতে তিনি বলেছেন, বিচারপতি নিয়োগের জন্য প্রচলিত কলেজিয়াম ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিকে যুক্ত করা হোক।
সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি নিয়োগ ও বদলির জন্য কলেজিয়াম ব্যবস্থা চালু রয়েছে ১৯৯৩ সাল থেকে। সেই ব্যবস্থা অনুযায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে অন্য চার সিনিয়র বিচারপতি নিজেদের মধ্যে আলোচনা করে বিচারপতি নিয়োগ ও বদলির সিদ্ধান্ত নেন। হাইকোর্টের ক্ষেত্রে তা করেন সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্য দুই জ্যেষ্ঠ বিচারপতি।
এই ব্যবস্থা বদলাতে ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার সংবিধান সংশোধন করে ‘ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন আইন’ প্রণয়ন করেন, যাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পাশাপাশি সংসদের অধিকারকেও জুড়ে দেওয়া হয়। সেই আইন ২০১৫ সালে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলে খারিজ করে দেন। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল, সংবিধানের মূল কাঠামো বদল করা যায় না। সেই থেকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিচার বিভাগের সংঘাত লেগে রয়েছে। প্রধান বিচারপতি হিসেবে ডি ওয়াই চন্দ্রচূড় দায়িত্ব গ্রহণের পর সম্প্রতি তা প্রকট হয়েছে।
বোঝাই যাচ্ছে, সরকার এমন এক বিচার বিভাগ চায় যা হবে সর্বার্থে নিবেদিত—মদন বি লোকুর, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি
চিঠি লেখার খবর স্বীকার করে আইনমন্ত্রী রিজিজু এএনআইকে বলেছেন, বিচারপতি নিয়োগসংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে যে চিঠি চালাচালি হচ্ছে, এই চিঠি তারই ধারাবাহিকতা। সুপ্রিম কোর্টই কলেজিয়াম ব্যবস্থায় সংস্কারের কথা জানিয়েছিলেন।
বিচারপতি নিয়োগে সরকারের ভূমিকা থাকা প্রয়োজন বলে তাঁরা মনে করেন।
সরকারের ভূমিকা থাকার বিষয়ে গত সপ্তাহে জোরালো দাবি জানিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। দেশের সব রাজ্যের বিধানসভার অধ্যক্ষদের এক সম্মেলনে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছিলেন উপরাষ্ট্রপতি। সেই সম্মেলনে ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও। তাঁরা দুজনই বিচারপতি নিয়োগে সরকারের ভূমিকা থাকার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। গত নভেম্বর মাসে কিরেন রিজিজু এ বিষয়ে জোরের সঙ্গে যে দাবি জানিয়েছিলেন, তার রেশ টেনে উপরাষ্ট্রপতি ওই সম্মেলনে বলেছিলেন, বিচারপতি নিয়োগে সংসদের ভূমিকা না থাকলে এ দেশকে গণতান্ত্রিক বলা যাবে কি না, ভাবা দরকার। একই দাবি জানিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছিলেন, নির্বাচিত সরকারের ভূমিকা না থাকলে বিচারপতি নিয়োগে জনমতের প্রতিফলন দেখা যাবে না।
এই জোরালো দাবি সত্ত্বেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বিচারপতি নিয়োগে সরকারি হস্তক্ষেপের বিরোধিতা করে চলেছেন। ফলে ক্রমেই বেড়ে চলেছে সংঘাত। দেরি হচ্ছে কলেজিয়াম গৃহীত সিদ্ধান্তের রূপায়ণে। সরকার বিলম্ব করছে বিচারপতি নিয়োগে। প্রশ্ন তোলা হচ্ছে কলেজিয়াম স্বীকৃত তালিকা নিয়ে।
২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকার সংবিধান সংশোধন করে ‘ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন আইন’ প্রণয়ন করেন, যাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পাশাপাশি সংসদের অধিকারকেও জুড়ে দেওয়া হয়। সেই আইন ২০১৫ সালে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলে খারিজ করে দেন।
সংঘাত ক্রমেই এত তীব্র হচ্ছে যে বিরোধীরা বলতে শুরু করেছেন, বিচার বিভাগকে নিজেদের ইচ্ছেমতো চালনার উদ্দেশ্যে সরকার নিয়োগপ্রক্রিয়া কুক্ষিগত করতে চাইছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় মন্তব্য করেছিলেন, সুপ্রিম কোর্ট বা সংবিধান নয়, গণতন্ত্রে সর্বোচ্চ স্থান সংসদের। কারণ, সংসদ নির্বাচিত প্রতিনিধিদের স্থান। অন্যত্র সবাই মনোনীত।
এর পাল্টা মত দিয়েছেন কংগ্রেসের সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরম। আইনজীবী এই নেতা উপরাষ্ট্রপতিকে মনে করিয়ে দিয়ে বলেছেন, সংবিধানের ওপর কেউ নয়।
সংবিধানের মৌলিক কাঠামো বদল করার অধিকারও সংসদের নেই। বিচারপতি নিয়োগে কেন্দ্রের দাবির বিষয়টি ‘ভয়ংকর’ বলে বর্ণনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। আইনমন্ত্রী রিজিজু বলেছেন, বিচারপতিরাই নিজেদের নিয়োগ করছেন, বদলি করছেন, এ জিনিস পৃথিবীর আর কোথাও দেখা যায় না। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লোকুর বলেছেন, বোঝাই যাচ্ছে, সরকার এমন এক বিচার বিভাগ চায়, যা হবে সর্বার্থে নিবেদিত।