ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বৃন্দাবনে বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য একটি ভোটকেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। ১০ ফেব্রুয়ারি ২০২২
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বৃন্দাবনে বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য একটি ভোটকেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। ১০ ফেব্রুয়ারি ২০২২

ভারতের বিধানসভা নির্বাচন

আসাম, কেরল ও পদুচেরিতে ভোট বৃহস্পতিবার

ভারতের দুটি রাজ্য আসাম ও কেরল এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই তিন রাজ্য ও অঞ্চলের প্রায় ৬ কোটি ১০ লাখ ভোটার নির্ধারণ করবেন আগামী পাঁচ বছর কারা শাসনক্ষমতায় থাকবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসামের ১২৬টি, কেরলের ১৪০টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরির ৩০টি আসনে ভোট হবে। আসামে ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। সেখানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। দুই দলই স্থানীয় ছোট দলগুলোর সঙ্গে জোট বেঁধে নির্বাচনী লড়াইয়ে নেমেছে।

অন্যদিকে কেরলে মূল লড়াই হবে দ্বিমুখী। সেখানে শাসক বামপন্থী জোটকে কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। দক্ষিণের এই রাজ্যে সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর শাসক বদলের রীতি থাকলেও ২০২১ সালে টানা দ্বিতীয়বার জিতে সেই প্রথা ভেঙে দেয় সিপিএম। এবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে সরিয়ে কংগ্রেস ক্ষমতা দখল করতে পারবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। এই রাজ্যে বিজেপি তৃতীয় শক্তি হিসেবে উঠে এলেও সরকার গড়ার মতো শক্তি এখনো সঞ্চয় করতে পারেনি।

পদুচেরির রাজনীতিতে বরাবরই প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর প্রভাব স্পষ্ট। সেখানে ক্ষমতাসীন সর্বভারতীয় এন আর কংগ্রেসের প্রধান ও মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর জোটসঙ্গী বিজেপি। এই জোটের প্রধান প্রতিদ্বন্দ্বী ডিএমকে-কংগ্রেস জোট।

বৃহস্পতিবার এই তিন রাজ্যে ভোট গ্রহণ হলেও ফল ঘোষণা করা হবে আগামী ৪ মে। একই দিনে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু নির্বাচনের ফলাফলও জানানো হবে। পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল—এই দুই দফায় ভোট গ্রহণ করা হবে। অন্যদিকে তামিলনাড়ুতে ভোট হবে ২৩ এপ্রিল।