
ত্রাণসামগ্রী চুরির অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে রাজ্যের পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে নদীয়া জেলার কৃষ্ণনগরের নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয় বেশ কিছু মানুষ তাঁর বাড়িতে হামলা চালায় এবং তাঁর ওপর ডিম ছোড়ে।
উজ্জ্বল বিশ্বাস ২০১১ সালে প্রথম পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর দক্ষিণ আসনে তৃণমূলের প্রার্থী হয়ে জয়ী হন। তিনি শুধু কারামন্ত্রীর দায়িত্ব পালন করেননি; সর্বশেষ তিনি পালন করেছেন এই রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব।
বিধায়ক কোটায় প্রচুর পরিমাণে ত্রিপল, ধূতি, শাড়ি, জামাকাপড়, লেগিংস ও বিভিন্ন ত্রাণসামগ্রী পেয়েছিলেন উজ্জ্বল বিশ্বাস। সেইসব সামগ্রী তিনি নিজের গুদামে রেখেছিলেন। তৃণমূল সরকার থেকে পাওয়া বিভিন্ন ত্রাণসামগ্রী বিলি না করে তাঁর বাড়ির গুদামে রাখেন বলে অভিযোগ ওঠে। এসব অভিযোগে মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে চড়াও হয় এলাকার বিক্ষুব্ধ কিছু মানুষ। তারা উজ্জ্বল বিশাসের বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। তাঁকে লক্ষ করে ছোড়া হয় ডিম। তৃণমূল অভিযোগ করেছে, এই হামলা চালিয়েছে বিজেপির ‘গুন্ডারা।’
এলাকাবাসীর কেউ কেউ অভিযোগ করেন, মঙ্গলবার ওইসব ত্রাণসামগ্রী সরানোর সময় টের পান তাঁরা। তারপর বাড়ি ঘেরাও করেন।
তবে উজ্জ্বল বিশ্বাসের ভাগ্নে ডা. সৌম্য নারায়ণ খাটুয়া দাবি করেছেন, তাঁর মামা উজ্জ্বল বিশ্বাস কোনো ত্রাণসামগ্রী আত্মসাৎ করেননি। গুদামে থাকা ওইসব ত্রাণসামগ্রী ফেরত দেওয়ার জন্য নিয়ে যাওয়ার একদল বিজেপির কর্মী উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে হামলা চালায়।
উজ্জ্বল বিশ্বাস এবারের বিধানসভা নির্বাচনে তাঁর নিজের আসনে তৃণমূলের টিকিটে লড়লেও হেরে যান বিজেপি প্রার্থী সজল ঘোষের কাছে।