ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য বিজেপির ২৪ সদস্যের কোর কমিটির নাম ঘোষণা করা হয়েছে। কমিটিতে বলিউড তারকা মিঠুন চক্রবর্তীকে রাখা হয়েছে। তাঁকে এই প্রথম বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উচ্চপদে বসানো হলো।
গতকাল সোমবার রাতে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা নতুন এই কমিটির নাম ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন—নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা, সুভাষ সরকার, দেবশ্রী চৌধুরী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় প্রমুখ।
গত বছরের ৭ মার্চ কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিশাল জনসভায় নরেন্দ্র মোদির হাত ধরে বিজেপিতে যোগ দেন মিঠুন। তবে তখন তাঁকে রাজ্য কোনো পদ দেয়নি বিজেপি। তা সত্ত্বেও তিনি বিজেপির পক্ষে রাজ্য বিধানসভার নির্বাচনী প্রচারে শামিল হন। নির্বাচনে বিজেপি বড় ব্যবধানে পরাজিত হয়।
বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার পর মিঠুন রাজ্য থেকে কিছুদিন দূরে ছিলেন। তবে এবার দুর্গাপূজার প্রাক্কালে তিনি রাজ্যে ফিরে আসেন। তিনি বিভিন্ন দুর্গামণ্ডপে যান।
তারপরই গুঞ্জন শুরু হয়, আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন সামনে রেখে মিঠুন বিজেপির জন্য রাজ্যের রাজনীতিতে সক্রিয় হতে পারেন। এখন সেই গুঞ্জনই সত্যি হতে চলছে। মিঠুনকে বিজেপির রাজ্য কমিটির বড় পদে বসানো হলো।
মিঠুন দীর্ঘদিন বাম রাজনীতির সংস্পর্শে ছিলেন। পরে তৃণমূল কংগ্রেসে ভেড়েন। রাজ্যসভার সদস্য হন।
একপর্যায়ে সারদা আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ায় মিঠুনের। সারদার কাছ থেকে নেওয়া পেশাগত পারিশ্রমিকের অর্থ ফিরিয়ে দেন তিনি। এভাবে তদন্তকারী সংস্থা ইডির হাত থেকে রেহাই পান মিঠুন।
পরে মিঠুন ছেড়ে দেন তৃণমূল। ছাড়েন রাজ্যসভার সংসদ সদস্য পদ। এমনকি রাজনীতিও ছাড়েন তিনি। গত বছর আবার বিজেপিতে যোগ দিয়ে রাজনীতিতে ফেরেন মিঠুন।