ভারতের ছত্তিশগড় রাজ্যের পর মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী পদেও আনা হলো নতুন মুখ। গতকাল রোববার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি বেছে নিয়েছিল ৫৯ বছর বয়সী আদিবাসী নেতা বিষ্ণু দেও সাইকে। আজ সোমবার মধ্যপ্রদেশের দায়িত্বে আনা হলো ৫৮ বছর বয়সী অনগ্রসর নেতা মোহন যাদবকে।
হিন্দি বলয়ের এই দুই রাজ্যের দুই প্রতিষ্ঠিত কান্ডারি বদলের সঙ্গে সঙ্গেই রাজস্থান ঘিরে শুরু হয়েছে জোরালো জল্পনা। আগামীকাল সেখানেও কি বসুন্ধরা রাজের বদলে বিজেপি বেছে নেবে নতুন প্রজন্মের কাউকে? যাবতীয় রাজনৈতিক আগ্রহের কেন্দ্রে এখন মরুরাজ্য রাজস্থান।
ছত্তিশগড়ে এবারও মুখ্যমন্ত্রিত্বের দাবিদার ছিলেন বিজেপির প্রবীণ নেতা রমন সিং। ২০০৩ থেকে ২০১৮ পর্যন্ত তিনবারের এই মুখ্যমন্ত্রীর বদলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার বেছে নিলেন আদিবাসী নেতা বিষ্ণু দেও সাইকে। ৯০ আসনের এই রাজ্যের বিধানসভায় আদিবাসীদের জন্য সংরক্ষিত ২৯ আসনের মধ্যে বিজেপি এবার পেয়েছে ১৮টি।
লোকসভা ভোটের দিকে তাকিয়ে আরএসএসের একনিষ্ঠ কর্মী নির্বিবাদী বিষ্ণুকে সেই কারণেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বেছে নিয়েছে। আদিবাসী অধ্যুষিত ছত্তিশগড়ে এই প্রথম কোনো আদিবাসী নেতা মুখ্যমন্ত্রী হতে চলেছেন। রমন সিংকে বিধানসভার স্পিকার করা হচ্ছে।
গতকাল রোববারের মতো আজ সোমবারও চমক দেখাল বিজেপি। ১৮ বছর ধরে ক্ষমতায় থাকা শিবরাজ সিং চৌহানকে ছেঁটে ফেলে বিজেপি মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রিত্ব তুলে দিল ৫৮ বছর বয়সী অনগ্রসর নেতা মোহন যাদবকে। ছত্তিশগড়ের মতো এই রাজ্যেও বিজেপি বেছে নিয়েছে দুই উপমুখ্যমন্ত্রী। বাছা হয়েছে রাজ্যের সাবেক জনসংযোগ মন্ত্রী রাজেন্দ্র শুক্ল ও সাবেক অর্থমন্ত্রী জগদীশ দেওড়াকে।
শিবরাজ সিং বুঝতে পেরেছিলেন, এবার আর তাঁর ভাগ্যের শিকে ছিঁড়ছে না। তা বুঝেই তিনি গতকাল রোববার ‘এক্স’ হ্যান্ডেলে সবাইকে ‘রাম রাম’ জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রিত্বের দাবিদার ছিলেন সাবেক কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং টোমার। মুখ্যমন্ত্রী হওয়ার আশায় কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও। কিন্তু বিজেপি বেছে নিল এমন একজনকে, যিনি উচ্চাশী নন, বহু আলোচিত কিংবা বিতর্কিতও নন এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনুগত। রমন সিংয়ের মতো প্রবীণ টোমারকেও বিজেপি দিচ্ছে মধ্যপ্রদেশের স্পিকারের দায়িত্ব।
বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে যে তিন সাবেক মুখ্যমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী ও লালকৃষ্ণ আদভানির অনুগামী বলে পরিচিত, তাঁদের মধ্যে রমন সিং ও শিবরাজ সিংকে নরেন্দ্র মোদি–অমিত শাহ জুটি গুরুত্বহীন করে দিল। বাকি রইলেন বসুন্ধরা। আগামীকাল মঙ্গলবার রাজস্থানে তাঁর ভাগ্য নির্ধারিত হতে চলেছে।
বসুন্ধরার অনুগামী বিধায়কেরা কয়েক দিন ধরে কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করে চলেছেন। বসুন্ধরার বাড়িতে তাঁরা বৈঠক করছেন। প্রকাশ্যে দাবিও জানাচ্ছেন। গতকাল রোববার প্রায় ৫০ বিধায়ক প্রকাশ্যে সেই দাবি জানান। তাঁকে মুখ্যমন্ত্রী না করা হলে অনুগামীরা বিদ্রোহ করবেন কি না, বসুন্ধরা দলত্যাগ করে সরকার গড়ার দাবি জানাবেন কি না, এই জল্পনা চলছে। মরুরাজ্যে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের তুলনায় ক্ষীণ। ২০০ আসনের বিধানসভায় বিজেপি পেয়েছে ১১৫টি আসন। এ কারণে রাজস্থান নিয়ে সাসপেন্স বেশি।