
ভারতের মণিপুর রাজ্যে ধারাবাহিক সহিংসতার জেরে কুকি সম্প্রদায়ের বিধায়কেরা বিজেপি জোট ছেড়ে দিলেন। রাজ্যপাল অনুসুইয়া উইকেকে এক চিঠিতে কেপিএ (কুকি পিপলস অ্যালায়েন্স) সভাপতি টংম্যাং হাওকিপ মণিপুরে বিজেপির নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দলের সিদ্ধান্ত জানিয়েছেন। রাজ্যে গত তিন মাসে জাতিগত দাঙ্গায় প্রায় ২০০ মানুষের মৃত্যু হয়েছে।
তবে কেপিএ বিজেপি জোট ছাড়লেও সরকার চালাতে অসুবিধা হবে না মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের নেতৃত্বাধীন বিজেপির। ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় বিজেপির একারই ৩২ বিধায়ক রয়েছে। এ ছাড়া নাগা পিপলস ফ্রন্টের (এনপিএফ) ৫ এবং নির্দলীয় ৩ বিধায়কের সমর্থন রয়েছে বিজেপির প্রতি। অর্থাৎ ৬০ সদস্যের বিধানসভায় বিজেপির সঙ্গে রয়েছেন মোট ৪০ বিধায়ক।
এর বাইরে কেপিএর দুই সদস্য রয়েছেন। আর বিরোধী বিধায়কের সংখ্যা ১৮, যার মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির ৭ (এই দলটি মেঘালয় রাজ্যে ক্ষমতায় রয়েছে), কংগ্রেসের ৫ এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দলের (ইউনাইটেড) ৬ বিধায়ক রয়েছেন।
টংম্যাং হাওকিপ রাজ্যপালকে লেখা চিঠিতে বলেন, ‘বর্তমানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নেতৃত্বাধীন মণিপুর সরকারকে আর সমর্থন দেওয়া সম্ভব হচ্ছে না।’
তবে রাজ্য সরকার থেকে সরে এলেও কেন্দ্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে মণিপুরের কুকি নেতৃত্ব। আজ সোমবার বা আগামীকাল মঙ্গলবার তারা দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবে। তবে এই বৈঠক শুধু কুকি নেতৃত্ব করবেন তা নয়, উত্তর-পূর্ব ভারতের আদিবাসী নেতাদের ফোরাম আইটিএলএফ (ইন্ডিজিনাস ট্রাইবল লিডারস ফোরাম) এই বৈঠক করবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।
মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা গতকাল রোববার বলেছেন, শাহের অনুরোধে তিনি এই বৈঠকের আয়োজন করেছেন। মণিপুরের উপজাতীয় নেতৃত্বকেও জোরামথাঙ্গা জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক না করলে তাঁদের সমস্যা আরও বাড়তে পারে।
উত্তর–পূর্বাঞ্চলের উপজাতি সমাজের একাংশের মধ্যে এই সাবেক জঙ্গি নেতার (জোরামথাঙ্গা) জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। কারণ, তিনি একাধারে মণিপুর থেকে উদ্বাস্তু হয়ে আসা কুকি-মিজো-চিন জনগোষ্ঠীর মানুষকে মিজোরামে স্থান দিচ্ছেন, অন্যদিকে মিজোরাম ও মণিপুরে পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারকে সাহায্য করছেন।
চলতি বছরের শেষে মিজোরামে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। মণিপুরের সহিংসতা নির্বাচনে কীভাবে জোরামথাঙ্গা এবং তাঁর দল সাবেক জঙ্গিগোষ্ঠী মিজো ন্যাশনাল ফ্রন্টকে সাহায্য করে, সেদিকে নজর থাকবে পর্যবেক্ষকদের। মিজোরাম উত্তর-পূর্ব ভারতের একমাত্র দল যেখানে পরোক্ষভাবে মিজো ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে বিজেপির একটা সম্পর্ক রয়েছে। তবে রাজ্যের মন্ত্রিসভায় এখনো স্থান পায়নি বিজেপি।