ট্রেনের আগুন নেভানোর চেষ্টা করছেন অগ্নিনির্বাপণের কর্মীরা
ট্রেনের আগুন নেভানোর চেষ্টা করছেন অগ্নিনির্বাপণের কর্মীরা

ভারতে ‘রাজধানী এক্সপ্রেস’ ট্রেনে অগ্নিকাণ্ড

ভারতের মধ্যপ্রদেশে দিল্লিগামী ‘রাজধানী এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত বগিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আজ রোববার ভোর সোয়া ৫টার দিকে বিক্রমগড় আলট ও লুনি রিছা স্টেশনের মাঝামাঝি জায়গায় এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ট্রেনটির ‘বি-১’ বগিতে আগুন লাগে। ওই বগিতে ৬৮ জন যাত্রী ছিলেন। পরে এ বগির পেছনে থাকা দ্বিতীয় লাগেজ কাম গার্ড ভ্যানেও আগুন ছড়িয়ে পড়ে এবং সেটিও ক্ষতিগ্রস্ত হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত বগিটিকে ট্রেনের মূল অংশ থেকে বিচ্ছিন্ন করা হয় এবং ওভারহেড বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

একটি ভিডিওতে দেখা গেছে, বিচ্ছিন্ন করা বগি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠছে। রেললাইনের পাশের কিছু গাছেও আগুন ছড়িয়ে পড়ে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। রাজস্থানের কোটা পর্যন্ত যাত্রার জন্য তাঁদের অন্য বগিগুলোতে আসনের ব্যবস্থা করা হয়।

পশ্চিম মধ্য রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা হার্ষিত শ্রীবাস্তব বার্তা সংস্থা পিটিআইকে জানান, ক্ষতিগ্রস্ত গার্ড ভ্যান ও বগি ট্রেনের মূল অংশ থেকে বিচ্ছিন্ন করার পর সকাল পৌনে ১০টার দিকে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

১২৪৩১ রাজধানী এক্সপ্রেস নামের ট্রেনটি গত শুক্রবার কেরালার তিরুঅনন্তপুরম থেকে রওনা হয়েছিল। আজ দুপুর সাড়ে ১২টায় দিল্লির হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে ট্রেনটির পৌঁছানোর কথা ছিল।

আগুন লাগার সময় ট্রেনটি প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল এবং দেশটির রাজধানী থেকে ৬৫০ কিলোমিটার দূরে ছিল।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮টি ট্রেন নির্ধারিত সময় ছেড়ে যেতে পারেনি। এ ছাড়া বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে।