
আন্তসীমান্ত সন্ত্রাস ও ভয়ের বাতাবরণ বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনায় বসতে ভারত রাজি নয়। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা স্পষ্ট বুঝিয়ে দিল। মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এ প্রসঙ্গে বলেন, পাকিস্তানের সঙ্গে ভারত সব সময়েই স্বাভাবিক সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক চায়। কিন্তু সে জন্য এক স্বাভাবিক পরিবেশ প্রয়োজন, যেখানে ভয় বা সন্ত্রাসের বাতাবরণ থাকবে না।
সম্প্রতি আমিরাত সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বন্ধ দ্বিপক্ষীয় আলোচনা শুরু করার আগ্রহ প্রকাশ করেন। সেই সম্পর্কে ভারতের অভিমত জানতে চাওয়া হলে বৃহস্পতিবারের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার আমাদের নজরে এসেছে। তাঁর ওই সাক্ষাৎকারের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর সচিবালয় থেকেও এক বিবৃতি প্রকাশ করা হয়। সেখানেও কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে।
এর আগেও পাকিস্তানের কোনো কোনো নেতার মন্তব্য আমরা শুনেছি। একেকজন একেক রকমের মন্তব্য করেছেন। কোনটা ঠিক, কোনটা নয় বোঝা মুশকিল। আমি শুধু আমাদের নীতি ও ভূমিকা কী সেটা বলতে পারি।
অরিন্দম বাগচি বলেন, আমরা সব সময় পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক ও সুপ্রতিবেশীমূলক সম্পর্ক চেয়ে এসেছি। তবে সে জন্য স্বাভাবিক পরিবেশ দরকার, যেখানে সন্ত্রাস, রেষারেষি বা ভয়ের বাতাবরণ থাকবে না।