
আসামের বাসিন্দা এক নারীকে বিদেশি ঘোষণা করা বিষয়ে গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তুললেন ভারতের সুপ্রিম কোর্ট। তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশের ওপরেও স্থগিতাদেশ জারি করেছেন ভারতের সর্বোচ্চ আদালত। তবে মামলাটি এখনো খারিজ করে দেওয়া হয়নি।
আসামে বিদেশি শনাক্তকরণের জন্য গঠিত নিম্ন আদালত (ফরেনার্স ট্রাইব্যুনাল) ২০১৭ সালের জুন মাসে ওই নারীকে বিদেশি চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। ট্রাইব্যুনাল জানিয়েছিল, ওই নারী ১৯৭১ সালের ২৫ মার্চের পর বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন। ওই তারিখের আগে যাঁরা ভারতে প্রবেশ করেছেন, তাঁদের ভারতের নাগরিক হিসেবে এখনো পর্যন্ত মান্যতা দেওয়া হয়। অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছিল।
তাঁর জামিন মঞ্জুর করলেও গুয়াহাটি হাইকোর্ট ফরেনার্স ট্রাইব্যুনালের নির্দেশ বহাল রেখেছিল। শুক্রবার ওই নির্দেশটি নিয়ে প্রশ্ন তুলে ওই নারীকে বাংলাদেশে ফেরত পাঠানোর ওপরে স্থগিতাদেশ জারি করেন সুপ্রিম কোর্ট। আদালতের এই নির্দেশটি গত রোববার ওয়েবসাইটে দেওয়া হয়।
অভিযুক্ত ওই নারীর তরফে তাঁর আইনজীবী পীযূষ কান্তি রায় সুপ্রিম কোর্টে একটি আবেদন মারফত জানান, তাঁর মক্কেলকে বিদেশি বলে চিহ্নিত করা হলেও, তাঁর পরিবারের সবাই ভারতের নাগরিক। ওই নারীও জন্মসূত্রে ভারতের নাগরিক।
পীযূষ কান্তি রায়ের এক সহযোগী আইনজীবী প্রথম আলোকে বলেন, তাঁদের মক্কেলের নাগরিকত্ব প্রমাণ করতে বিভিন্ন সময়ে ওই নারীর ভোটার তালিকায় ওঠা নামের রেকর্ড, ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনস (এনআরসি) বা নাগরিকপঞ্জির তথ্যাদি, ভারতের ভোটার হিসেবে পরিচয়পত্র, গ্রাম পঞ্চায়েত ও জমিজমা ক্রয়বিক্রয়, পাট্টা ইত্যাদির প্রমাণপত্র আদালতে পেশ করা হয়েছে। এই তথ্য উপাত্ত ফরেনার্স ট্রাইব্যুনাল এবং গুয়াহাটি হাইকোর্ট কোনো অজ্ঞাত কারণে বিবেচনার মধ্যে আনেনি। বিষয়টি আমাদের পক্ষ থেকে অত্যন্ত স্পষ্টভাবে সুপ্রিম কোর্টে জানানো হয়। সুপ্রিম কোর্ট বিষয়টিকে বিবেচনায় নেয় এবং সেই কারণেই আপাতত স্বস্তি দেওয়া হয়েছে।
পীযূষ কান্তি রায় সুপ্রিম কোর্টে বলেন, ওই নারীর পিতা-মাতা, ভাইবোন, স্বামী-সন্তান এবং স্বামীর পরিবারের সদস্যরা ভারতের নাগরিক হলেও তিনি কীভাবে বিদেশি হয়ে গেলেন তা বোঝা যাচ্ছে না। আদালতে বিষয়টি নিশ্চিতভাবে প্রমাণও করা যায়নি। এরপরেও তাঁকে বিদেশি চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে, এনআরসির প্রাথমিক খসড়ায় তাঁর নাম থাকলেও, চূড়ান্ত তালিকায় নাম নেই। এরপরেও ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট ওই নারীকে আপাতত স্বস্তি দিলেও, মামলা চলবে বলে জানানো হয়েছে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড় এবং হিমা কোহলির বেঞ্চ নোটিশ মারফত তিন সপ্তাহ বাদে শুনানির দিন ধার্য করেছেন। পরবর্তী শুনানি পর্যন্ত অভিযুক্ত নারীকে ফেরত পাঠানো যাবে না বলে আদালত জানিয়েছেন।