ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জেরুজালেম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬। এর দুই দিন পর ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেয় ইসরায়েল
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জেরুজালেম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬। এর দুই দিন পর ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেয় ইসরায়েল

ফোনে নজরদারি থেকে ক্ষেপণাস্ত্র

মোদি ক্ষমতায় না থাকলেও কি ভারত–ইসরায়েল সম্পর্ক অটুট থাকবে

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তিন বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সমালোচনা করে আসছে। বিশেষ করে গাজায় ইসরায়েলের যুদ্ধকে জাতিগত নিধন (জেনোসাইড) হিসেবে স্বীকার না করা এবং এর নিন্দা জানাতে অস্বীকৃতি জানানোর কারণে সরকারের সমালোচনা করেছে দলটি।

তবে গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ইসরায়েল নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে কিছুটা ভিন্ন সুরে কথা বলেছেন কংগ্রেসের কার্যত শীর্ষ নেতা রাহুল গান্ধী। সাক্ষাৎকারে তিনি গাজায় ইসরায়েলের আগ্রাসনকে জাতিগত নিধন হিসেবে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, ‘আমি ইসরায়েলের সঙ্গে শক্তিশালী সম্পর্কের পক্ষে। আমাদের কৌশলগত স্বার্থ রয়েছে। এর মধ্যে সশস্ত্র বাহিনীর জন্য সবচেয়ে উন্নত অস্ত্র কেনার বিষয়টিও রয়েছে।’

রাহুলের এই মন্তব্যে কংগ্রেসের কয়েকটি মিত্রদলের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এসব দলের মধ্যে বামপন্থীরাও রয়েছে। তবে বিশ্লেষকেরা বলছেন, তাঁর মন্তব্যে ভারত ও ইসরায়েলের কৌশলগত সম্পর্ক কতটা গভীর, সেটি ফুটে উঠেছে। বিতর্কিত হলেও দুই দেশ নিজেদের সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে।

মোদির আমলে এই সম্পর্ক লক্ষণীয়ভাবে সম্প্রসারিত হয়েছে। তবে এর ভিত্তি শুধু তাঁর নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বিজেপি ক্ষমতা থেকে সরে গেলেও সম্পর্কটি টিকে থাকার সম্ভাবনা রয়েছে।

অস্ত্র থেকে নজরদারি, পুলিশি কার্যক্রম থেকে হ্যাকিং, বিভিন্ন ক্ষেত্রে ভারত ক্রমে ইসরায়েলকে গুরুত্বপূর্ণ অংশীদার এবং প্রযুক্তি ও অভিজ্ঞতার উৎস হিসেবে বেছে নিচ্ছে। দুই দেশের সম্পর্ক এখন এতটাই বিস্তৃত যে দেশে রাজনৈতিক পটপরিবর্তন হলেও এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা কঠিন।

চলতি মাসে অলাভজনক সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের (আইএফএফ) এক অনুসন্ধানে উঠে এসেছে, ইসরায়েল থেকে ফোন হ্যাক করার প্রযুক্তি কেনার সুযোগ দিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশটির নিজস্ব নিয়ম শিথিল করেছিলেন।

অবশ্য ভারতে এ ধরনের ঘটনা নতুন নয়। ২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানিয়েছিল, ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ওপর নজরদারি বৃদ্ধি করা হয়েছিল।

পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিশ্চিত করে, সাংবাদিক সিদ্ধার্থ বরদারাজন ও আনন্দ মাঙ্গনালের ফোনে পেগাসাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে অনুমোদনহীন নজরদারির অভিযোগ অস্বীকার করেছে ভারত সরকার।

বিশ্লেষকদের মতে, এসব ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলি প্রযুক্তির ওপর ভারতের নির্ভরশীলতার চিত্র ফুটে উঠেছে।

ভারত ও ইসরায়েলের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে লেখা ‘হোস্টাইল হোমল্যান্ডস’ বইয়ের লেখক আজাদ ইসা আল–জাজিরাকে বলেন, ‘ভারত ও ইসরায়েলের সহযোগিতার মধ্যে বরাবরই গোয়েন্দা তথ্য সংগ্রহ, সীমান্ত ব্যবস্থাপনা এবং ভিন্নমত দমনে ইসরায়েলি পদ্ধতি পরীক্ষা–নিরীক্ষা ও অনুসরণের বিষয়টি ছিল।’

ইসা আরও বলেন, ‘ইসরায়েলি পণ্য বা পদ্ধতি যে একসময় কৃষকসহ ভারতের নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হবে, সেটি ছিল কেবল সময়ের ব্যাপার।’

ইসার আরেকটি বই ‘দ্য আর্কিটেকচার অব কমপ্লিসিটি: হাউ ইন্ডিয়া হেল্পড ইসরায়েল কন্ডাক্ট আ জেনোসাইড’ আগামী ২০২৭ সালের জানুয়ারিতে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

ভারতের রাজধানী দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানায় সরকার ছয় বছর ধরে ইসরায়েলের পুলিশ ও সেনাবাহিনীর কৌশল অনুসরণের চেষ্টা করেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দিল্লি অভিমুখে আন্দোলনরত কৃষকদের ওপর ড্রোন থেকে কাঁদানে গ্যাস ছুড়েছিল রাজ্য পুলিশ।

২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানিয়েছিল, ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ভারতের সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।

নজরদারির বাইরেও গভীর সম্পর্ক

ফোনে নজরদারির প্রযুক্তি ভারত ও ইসরায়েলের সম্পর্কের সর্বশেষ সংযোজন। দুই দেশের সম্পর্কের শিকড় আরও গভীরে। বিশেষ করে ভারতের প্রতিরক্ষাশিল্পে।

ইসরায়েল ২০১৪ সাল থেকে তাদের অস্ত্র রপ্তানির প্রায় ৩৭ শতাংশ করে ভারতে। এ সময়ে ইসরায়েলি অস্ত্রের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রেতা হয়ে উঠেছে দেশটি।

এই সম্পর্কের কেন্দ্রে রয়েছে ভারতীয় ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গোষ্ঠী। গৌতম আদানিকে মোদির ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়।

আদানি গোষ্ঠী ২০১৬ সালে ইসরায়েলের এলবিট সিস্টেমসের সঙ্গে যৌথ উদ্যোগে হায়দরাবাদে হারমেস ৯০০ ড্রোন তৈরির কারখানা স্থাপন করে। ইসরায়েলের বাইরে এ ধরনের প্রথম কারখানা ছিল এটি।

বিএলআর সিস্টেমসের ২০২০ সাল থেকে ৫১ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে আদানির হাতে। ইসরায়েল ওয়েপন ইন্ডাস্ট্রিজের সঙ্গে প্রতিষ্ঠানটি নেগেভ মেশিনগানের যন্ত্রাংশ তৈরি করে।

আদানি গোষ্ঠী ও ইসরায়েলের গাদোত ২০২৩ সালের জানুয়ারিতে যৌথভাবে ১১৫ কোটি ডলারে হাইফা বন্দর কেনার প্রক্রিয়া শেষ করেছে। বন্দরের মালিকানা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আজাদ ইসার মতে, ভারত ক্রমে ইসরায়েলি কোম্পানিগুলোর জন্য উৎপাদন ও সরবরাহের ঘাঁটিতে পরিণত হচ্ছে। নয়াদিল্লির স্বাধীন গবেষক আশুতোষ সিংও এই মূল্যায়নের সঙ্গে একমত। তিনি ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্য নিয়ে গবেষণা করেন।

সিং বলেন, ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আড়ালে ভারতের পুঁজি কীভাবে ইসরায়েলের সামরিক অবকাঠামোর সঙ্গে যুক্ত হচ্ছে, তার সবচেয়ে ভালো উদাহরণ হায়দরাবাদ।

‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির উদ্দেশ্য ভারতের নিজস্ব উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা।

ভারত ও ইসরায়েলের সহযোগিতার মধ্যে বরাবরই গোয়েন্দা তথ্য সংগ্রহ, সীমান্ত ব্যবস্থাপনা এবং ভিন্নমত দমনে ইসরায়েলি পদ্ধতি পরীক্ষা–নিরীক্ষা ও অনুসরণের বিষয়টি ছিল।
আজাদ ইসা, লেখক

তবে নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক নিকোলা ব্লারেল এ বিষয়ে কিছুটা সতর্ক দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

ব্লারেল আল–জাজিরাকে বলেন, হায়দরাবাদে মূলত ইসরায়েলের নকশায় তৈরি ড্রোনের যন্ত্রাংশ সংযোজন করা হয়। প্রকৃতপক্ষে কতটা প্রযুক্তি পুরোপুরি হস্তান্তর করা হয়েছে, তা স্পষ্ট নয়।

তবে ব্লারেল উল্লেখ করেন, ২০২৩ সালের শেষ দিকে এবং ২০২৪ সালের শুরুর দিকে ইসরায়েলে এসব ড্রোন সরবরাহ করা হয়েছিল। ওই সময়ে গাজায় জাতিগত নিধনে এ ধরনের কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছিল।

গত ৩০ জুলাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘মেড ইন ইন্ডিয়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

এতে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের ২ হাজার ৫৯৬টি চালান পাঠিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নেতৃত্বে হামলার পর গাজায় ইসরায়েল সর্বাত্মক ধ্বংসযজ্ঞ শুরু করে।

অ্যামনেস্টির প্রতিবেদনে ৯টি ভারতীয় প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে তিনটি পুরোপুরি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটির মতে, এসব প্রতিষ্ঠান যখন অস্ত্র রপ্তানি করে, তখন কার্যত ভারত রাষ্ট্রই অস্ত্র সরবরাহ করছে।

অ্যামনেস্টির প্রতিবেদন প্রকাশের পরদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, কৌশলগত পণ্য বাণিজ্যের ক্ষেত্রে ভারতের শক্তিশালী আইনি কাঠামো রয়েছে। তবে অ্যামনেস্টির অভিযোগের বিষয়ে তিনি সরাসরি কোনো জবাব দেননি।

ইসরায়েলের তেল আবিবে আন্তর্জাতিক প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক প্রদর্শনী ‘আইএসডিইএফ ২০১৯’-এ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এনএসও গ্রুপের প্রদর্শনী স্টল। ৪ জুন ২০১৯

কেন ইসরায়েলি অস্ত্র কেনে ভারত

ভারত কেন ইসরায়েল থেকে অস্ত্র কেনে, এই প্রশ্নের উত্তরে বিশ্লেষকেরা বলছেন, শুধু উন্নত প্রযুক্তি নয়, বরং অস্ত্র বিক্রির ক্ষেত্রে ইসরায়েল যেসব শর্ত আরোপ করে না, সেটিও গুরুত্বপূর্ণ।

ভারতের গবেষণাপ্রতিষ্ঠান অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের কবির তানেজা বলেন, ভারত–ইসরায়েল সম্পর্কের প্রায় পুরোটাই প্রতিরক্ষাকেন্দ্রিক।

তানেজার মতে, ভারত কোনো পশ্চিমা দেশের তৈরি সামরিক সরঞ্জাম কিনলে সেটির সঙ্গে ভারতীয় প্রযুক্তি যুক্ত করার অনুমতি সব সময় পায় না।

ধরা যাক, ভারত পশ্চিমা কোনো যুদ্ধব্যবস্থা কিনেছে। কিন্তু সেটিতে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র যুক্ত করতে প্রয়োজনীয় সোর্স কোড সরবরাহে বিক্রেতা দেশ অস্বীকৃতি জানাতে পারে।

ইসরায়েল এ ধরনের সীমাবদ্ধতা দূর করতে আগ্রহ দেখিয়েছে। উদাহরণ হিসেবে রাশিয়ার তৈরি আইএল-৭৬ উড়োজাহাজে আগাম সতর্কীকরণ রাডার যুক্ত করার কথা উল্লেখ করেন তানেজা।

আল–জাজিরাকে তানেজা বলেন, ‘ইসরায়েল হলো প্রতিরক্ষা প্রযুক্তির ওয়ালমার্টের মতো। সেখানে গিয়ে আপনি প্রযুক্তি কিনতে পারেন। কীভাবে বা কোন প্রয়োজনে তা ব্যবহার করবেন, সে বিষয়ে বাধা তৈরি করে এমন শর্ত থাকে না।’

তানেজা ইসরায়েলের ড্রোনের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে কেনা এমকিউ-৯ ড্রোনের তুলনা করেন।

পাকিস্তান সীমান্তসংলগ্ন এলাকায় ইসরায়েলি ড্রোন মোতায়েন করে ভারত। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে কেনা এমকিউ-৯ ড্রোনগুলো অস্ত্রবিহীন অবস্থায় সরবরাহ করা হয়। তা ছাড়া এগুলোর ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।

অধ্যাপক ব্লারেলের মতে, ইসরায়েলের প্রতি ভারতের এই আস্থার পেছনে রয়েছে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের অভিজ্ঞতা।

ভারতের রাজধানী দিল্লির প্রতিবেশী রাজ্য হরিয়ানায় সরকার ছয় বছর ধরে ইসরায়েলের পুলিশ ও সেনাবাহিনীর কৌশল অনুসরণের চেষ্টা করেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দিল্লি অভিমুখে আন্দোলনরত কৃষকদের ওপর ড্রোন থেকে কাঁদানে গ্যাস ছুড়েছিল রাজ্য পুলিশ।

এর আগে ভারতের পারমাণবিক পরীক্ষার পর কয়েকটি দেশ অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু কারগিল যুদ্ধের সময়ও ইসরায়েল ভারতকে সামরিক সরঞ্জামের যন্ত্রাংশ ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছিল।

ব্লারেল বলেন, ইসরায়েল নিষেধাজ্ঞাকে খুব একটা গুরুত্ব দেয়নি। অস্ত্র সরবরাহের ক্ষেত্রেও কোনো শর্ত দেয়নি। কংগ্রেস ও বিজেপি, উভয় দলই বিষয়টি লক্ষ করেছে।

এ বিশেষজ্ঞের মতে, পশ্চিমা দেশগুলো যেসব প্রযুক্তি দিতে বরাবরই অনাগ্রহী, ইসরায়েল সেগুলোও সরবরাহ করে থাকে।

ভারতের সামরিক অস্ত্রভান্ডারের বড় অংশ রাশিয়ার তৈরি। ইসরায়েলের সামরিক প্রযুক্তি এসব অস্ত্রের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করা এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রেও ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে বেশি আগ্রহ দেখিয়েছে।

এটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, নয়াদিল্লি এখন শুধু অস্ত্র কিনতে নয়, নিজেদের দেশেও তা তৈরি করতে চায়।

তানেজা বলেন, নয়াদিল্লি এখন অস্ত্র নির্মাতাদের ক্রমেই বলছে, তারা যদি ভারতে অস্ত্র বিক্রি করতে চায়, তাহলে উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ ভারতেই করতে হবে।

হায়দরাবাদের ড্রোন কারখানা এই লক্ষ্য পূরণে সহায়তা করছে। অন্যদিকে ইসরায়েলের কাছে এটি একটি বাণিজ্যিক উদ্যোগ। তানেজার ভাষায়, ‘বাণিজ্যিকভাবে লাভজনক না হলে তারা আসবে না।’

অর্থাৎ ইসরায়েলের প্রতি ভারতের আগ্রহের একটি কারণ হলো, দেশটি প্রথমে অস্ত্র কিনতে পারে, পরে ধীরে ধীরে সেই অস্ত্রের উৎপাদন নিজেদের দেশে নিয়ে আসতে পারে।

‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আড়ালে ভারতের পুঁজি কীভাবে ইসরায়েলের সামরিক অবকাঠামোর সঙ্গে যুক্ত হচ্ছে, তার সবচেয়ে ভালো উদাহরণ হায়দরাবাদ।
আশুতোষ সিং, স্বাধীন গবেষক, নয়াদিল্লি

আদর্শিক মিল, নাকি বাস্তব স্বার্থ

ভারত ও ইসরায়েলের সম্পর্কের পেছনে রাজনৈতিক আদর্শ কতটা ভূমিকা রাখছে, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

আজাদ ইসা মনে করেন, আদর্শ ও কৌশলগত স্বার্থকে আলাদা করে দেখা যায় না।

এ বিশেষজ্ঞ বলেন, ‘এই সম্পর্ক আদর্শিক ও কৌশলগত, দুই ধরনেরই। উভয় দেশ নিজেদের এমন সভ্যতাভিত্তিক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে, যেগুলো অস্তিত্বের সংকটে রয়েছে। এর সঙ্গে প্রায়ই মুসলিমদের দ্বারা ঘেরাও হয়ে থাকার ধারণা যুক্ত থাকে। এর অনেকটাই হিন্দুত্ববাদ ও জায়নবাদের আদর্শিক ঘনিষ্ঠতার ওপর দাঁড়িয়ে।’

হিন্দুত্ববাদ হলো বিজেপি ও দলটির আদর্শিক অভিভাবক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) অনুসৃত হিন্দুত্ববাদী রাজনৈতিক আদর্শ।

ভারত সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হলেও আরএসএস দেশটিকে হিন্দুরাষ্ট্রে পরিণত করতে চায়। অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে নেতানিয়াহুও একই ধরনের ঘনিষ্ঠতার কথা বলেছেন।

গত মে মাসে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের একটি সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। কিন্তু ভারতে এমন সমস্যা নেই।’

নেতানিয়াহু আরও বলেন, ‘সেখানে ইসরায়েলের প্রতি প্রচণ্ড ভালোবাসা রয়েছে। সত্যিই অনেক ভালোবাসা। আমার মনে হয়, বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ভারতে আমার অনুসারীর সংখ্যা বেশি।’

তবে কবির তানেজা এই সম্পর্কের পেছনে আদর্শিক মিলকে প্রধান কারণ মনে করেন না।

তানেজার মতে, সম্পর্কটির মূল ভিত্তি লেনদেন ও বাস্তব স্বার্থ। নিরাপত্তার নানা হুমকিতে ঘেরা একটি দেশের প্রয়োজন থেকে এই সম্পর্ক গড়ে উঠেছে।

তানেজা বলেন, ফ্রান্স একই ধরনের সুবিধা দিলে ভারত যে দেশটির সঙ্গে ভিন্ন আচরণ করবে, এমনটি তিনি মনে করেন না।

অধ্যাপক ব্লারেল অবশ্য দুই অবস্থানের মাঝামাঝি একটি ব্যাখ্যা দিয়েছেন। তাঁর মতে, আদর্শিক সম্পর্কের যুক্তির কিছু ভিত্তি রয়েছে। কারণ, আরএসএসের প্রতিষ্ঠাতা নেতাদের মধ্যে বিনায়ক দামোদর সাভারকর ও মাধব সদাশিব গোলওয়ালকর ইসরায়েলকে একটি আদর্শ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে তাঁরা নাৎসি জার্মানিরও প্রশংসা করেছিলেন।

ব্লারেল বিষয়টিকে বিভিন্ন রাজনৈতিক আদর্শ থেকে সুবিধামতো অনুপ্রেরণা নেওয়ার প্রবণতা হিসেবে বর্ণনা করেন। তবে তাঁর মতে, মোদি ও নেতানিয়াহুর ব্যক্তিগত ঘনিষ্ঠতা গোপন কোনো বিষয় নয়।

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেন, ভারত সরকার কখনো স্পষ্ট করেনি, সম্পর্কটি আদর্শিক, নাকি কৌশলগত কারণে এত ঘনিষ্ঠ হয়েছে।

খুরশিদের মতে, প্রতিরক্ষার জন্য ইসরায়েলের ওপর নির্ভর করা বোধগম্য। কিন্তু মোদি কোনো আদর্শিক ঘনিষ্ঠতা থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছেন কি না, তা সরকার জনগণকে জানায়নি।

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। নয়াদিল্লিতে এক জনসভায়, ১ নভেম্বর ২০২৬

দীর্ঘদিনের নীরব সম্পর্ক

ভারত ও ইসরায়েলের কৌশলগত সম্পর্ক এবং ইসরায়েলের ওপর ভারতের নির্ভরশীলতার শুরু মোদির আমলে নয়।

জাতিসংঘের ১৯৪৭ সালে ফিলিস্তিন বিভাজন পরিকল্পনার বিরুদ্ধে ভোট দিয়েছিল ভারত। ১৯৪৯ সালে জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ দেওয়ার বিরোধিতাও করেছিল দেশটি।

তবে ১৯৫০ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয় ভারত। এরপরও দুই দেশের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি।

চার দশকের বেশি সময় ধরে ইসরায়েলকে শুধু বোম্বেতে (বর্তমান মুম্বাই) একজন কনসাল রাখার অনুমতি দিয়েছিল নয়াদিল্লি। তা সত্ত্বেও প্রকাশ্যে কূটনৈতিক দূরত্ব থাকলেও যুদ্ধের সময় ভারতকে গোপনে সহায়তা করেছে ইসরায়েল।

চীন ১৯৬২ সালে ভারতের ওপর হামলা চালালে গোপনে মর্টার ও উজি সাবমেশিনগান সরবরাহ করে ইসরায়েল।

ইসরায়েলের একটি সংরক্ষিত নথি অনুযায়ী, ভারত চেয়েছিল এসব অস্ত্র যেন ইসরায়েলের পতাকাবিহীন জাহাজে করে পাঠানো হয়। তবে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন এতে রাজি হননি।

১৯৬৫ সালে ভারত ও পাকিস্তানের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দুই দেশেই অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়। তখন ভারতকে মর্টার সরবরাহ করে ইসরায়েল।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও ভারতকে অস্ত্র দিয়েছিল ইসরায়েল। ওই সময়ে ইরানের জন্য নির্ধারিত কিছু অস্ত্র ভারতে পাঠানো হয়। ইরান তখন শাহ রেজা পাহলভির শাসনাধীন ছিল।

আজাদ ইসা বলেন, ষাটের দশকের শেষ দিক থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সঙ্গে কাজ করছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের ২ হাজার ৫৯৬টি চালান পাঠিয়েছে।

পরবর্তী সময়ে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সীমান্ত বেড়া নির্মাণের জন্য লেবানন সীমান্তে ইসরায়েলের তৈরি বেড়ার ব্যবস্থাও পর্যবেক্ষণ করে ভারত।

তবে এসব গোপন সহযোগিতার মধ্যেও প্রকাশ্যে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান বজায় রেখেছিল নয়াদিল্লি।

প্রথম অনারব দেশ হিসেবে ১৯৭৪ সালে ফিলিস্তিন মুক্তি সংস্থাকে (পিএলও) স্বীকৃতি দেয় ভারত। ১৯৮৮ সালে ফিলিস্তিন রাষ্ট্রকেও স্বীকৃতি দেয় দেশটি।

কংগ্রেস ১৯৯২ সালে ক্ষমতায় থাকার সময় ভারত ও ইসরায়েলের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তত দিনে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে। পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারতকে নিজের পররাষ্ট্রনীতির অবস্থান নতুন করে মূল্যায়ন করতে হয়েছিল।

নব্বইয়ের দশকের শেষ দিকে অটল বিহারি বাজপেয়ির নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসে। তাঁর সরকার ইসরায়েল থেকে ক্ষেপণাস্ত্র ও আগাম সতর্কীকরণ উড়োজাহাজ কেনা অব্যাহত রাখে। পাশাপাশি যৌথ উৎপাদন নিয়েও আলোচনা শুরু করে।

২০০৪ সালে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরলে প্রতিরক্ষা সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে যায়। ২০০৬ সালে দুই দেশ ৩৫ কোটি ডলারের একটি চুক্তি করে। এর আওতায় যৌথভাবে বারাক-৮ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক শুধু অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ না থেকে যৌথ প্রযুক্তি উন্নয়নের পর্যায়ে পৌঁছায়।

আজাদ ইসা বলেন, মোদির আমলে দুই দেশের মধ্যে যে আদর্শিক ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, তার ভিত্তি আগের সরকারগুলোর সময়েই গড়ে উঠেছিল। এর মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন সরকারগুলোর ভূমিকাও রয়েছে।

ভারতের মুম্বাইয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। ৬ আগস্ট ২০২৬। প্রতিষ্ঠার পর গত এক শতাব্দী ধরে সংগঠনটি জায়নবাদের প্রতি সমর্থন জানিয়ে আসছে

২০১৪ সালের পর কী বদলেছে

মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত-ইসরায়েল সম্পর্ক প্রকাশ্যে তুলে ধরার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে।

আগের সরকারগুলো ইসরায়েল থেকে অস্ত্র কিনলেও সেসব অস্ত্র চিহ্নবিহীন জাহাজে পাঠানোর অনুরোধ করত। দুই দেশের প্রতিনিধিদের সফরও অনেক সময় গোপনে হতো।

কিন্তু ২০১৪ সালের পর সেই গোপনীয়তা আর থাকেনি।

২০১৪ সালের জুলাই ও আগস্টে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় দেশটির নিন্দা জানিয়ে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে একটি প্রস্তাব গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছিল। মোদি সরকার সেই প্রস্তাব পাস হতে দেয়নি।

২০১৫ সালে জাতিসংঘ মানবাধিকার পরিষদে গাজায় ইসরায়েলের ওই অভিযানের জবাবদিহি নিশ্চিত করার একটি প্রস্তাবে প্রথমবার ভোটদানে বিরত থাকে ভারত। ২০১৬ সালেও একই অবস্থান নেয় দেশটি।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ২০১৭ সালে ইসরায়েল সফর করেন নরেন্দ্র মোদি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আবার ইসরায়েল সফরে যান তিনি। এর কয়েক দিন পর ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে ইসরায়েলে ভারতের অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে করা একটি আবেদন শুনতে অস্বীকৃতি জানান দেশটির সুপ্রিম কোর্ট। আদালত বলেন, পররাষ্ট্রনীতি বিচার বিভাগের এখতিয়ারের বাইরে।

অধ্যাপক ব্লারেলের মতে, সত্তরের দশক থেকে ফিলিস্তিন প্রশ্নে ভারতের অবস্থান বেশ স্পষ্ট ছিল। কিন্তু এখন সেই অবস্থান কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে।

ব্লারেলের মতে, এই পরিস্থিতি বিজেপির জন্য সুবিধাজনক। মধ্যপ্রাচ্যের কূটনীতিকেরাও ভারতের অবস্থান ঠিক বুঝে উঠতে পারছেন না। এতে নৈতিক অবস্থানের স্পষ্টতার অভাব রয়েছে।

সত্তরের দশক থেকে ফিলিস্তিন প্রশ্নে ভারতের অবস্থান বেশ স্পষ্ট ছিল। কিন্তু এখন সেই অবস্থান কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে।
নিকোলা ব্লারেল, সহযোগী অধ্যাপক, লেইডেন বিশ্ববিদ্যালয়, নেদারল্যান্ডস

তবে কবির তানেজা মনে করেন, ভারতের নীতিতে মৌলিক কোনো পরিবর্তন আসেনি।

তানেজা বলেন, ভারত এখনো ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধানকে সমর্থন করে। এ ক্ষেত্রে ভারতের যা করার প্রয়োজন ছিল, তা করা হয়েছে।

অন্যদিকে আজাদ ইসা ভারতের বাস্তব পদক্ষেপের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, গাজায় সর্বশেষ যুদ্ধ চলাকালে ভারত ইসরায়েলে অস্ত্র পাঠিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধন হত্যার মামলায় যোগ দেয়নি। ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাকেও সমর্থন করেনি।

একই সঙ্গে দেশের ভেতরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ভারত সরকার।

ইসার ভাষায়, ‘ফিলিস্তিন নিয়ে ভারতের ঘোষিত নীতির চেয়ে এসব পদক্ষেপ অনেক বেশি অর্থবহ।’

তবে তানেজা মনে করেন, ভারতের অবস্থান ও বক্তব্যের পরিবর্তনের পেছনে দেশটির অর্থনৈতিক শক্তি বৃদ্ধিরও ভূমিকা রয়েছে। ষাটের দশকে ভারত অর্থনৈতিকভাবে ছোট দেশ ছিল। তখন অন্য শক্তিধর দেশগুলোকে অসন্তুষ্ট করার মূল্য ছিল অনেক বেশি। কিন্তু বর্তমানে ভারতের অর্থনীতির আকার প্রায় চার লাখ কোটি ডলার। দেশটির বাণিজ্য ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনও অনেক বেড়েছে।

তানেজার মতে, ভারত এখন অন্য দেশের বিরূপ প্রতিক্রিয়া সামলানোর সক্ষমতা রাখে। তাই ইসরায়েলসহ যেসব দেশ নিরাপত্তাসহায়তা দিতে পারে, ভারত তাদের কাছ থেকেই তা নেওয়ার চেষ্টা করবে।

এই সম্পর্কের তাৎপর্য কী

ভারত–ইসরায়েল সম্পর্কের সমালোচকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো জবাবদিহি।

জাতিসংঘের একটি তদন্ত কমিশন গত জুনে জানিয়েছে, গাজায় ইসরায়েলের দুই বছরের জাতিগত নিধনমূলক যুদ্ধে অন্তত ২০ হাজার ১৭৯ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

কমিশন বিভিন্ন দেশকে এমন অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে, যেগুলো গোষ্ঠী নিধনে ব্যবহৃত হয়েছে অথবা ব্যবহৃত হতে পারে। তবে ইসরায়েল ওই প্রতিবেদন সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে।

গাজায় যুদ্ধাপরাধের সঙ্গে ভারত সরকার ও দেশটির প্রতিষ্ঠানগুলো জড়িত কি না, এমন প্রশ্নের জবাবে আজাদ ইসা বলেন, ‘আমি তা-ই বিশ্বাস করি।’

ইসার মতে, ভারত এসব কর্মকাণ্ড সম্পর্কে কিছু জানত না—এমন দাবি করতে পারে না।

গবেষক আশুতোষ সিংও বলেন, জাতিগত নিধন চালানোর উপকরণ দিয়ে কোনো দেশ যদি ইসরায়েলকে বাস্তবে সহায়তা করে, তাহলে সেই দেশও এর সঙ্গে জড়িত।

অন্যদিকে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা সালমান খুরশিদ স্বীকার করেছেন, কংগ্রেসশাসিত কয়েকটি রাজ্যেও ইসরায়েলি প্রযুক্তি কেনার খবর রয়েছে। বিশেষ করে মোবাইল ফোন থেকে তথ্য সংগ্রহের প্রযুক্তি কেনার বিষয়টি তিনি অস্বীকার করেননি।

খুরশিদ বলেন, এ ধরনের প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট বিধিনিষেধ থাকা প্রয়োজন। তাঁর ভাষ্য, ‘ভারত সরকার ইসরায়েলের সঙ্গে যেভাবে লেনদেন করছে, সেখানে দুঃখজনকভাবে এসব সীমারেখা স্পষ্ট নয়।’

তবে খুরশিদ এ কথাও স্বীকার করেন, ‘আমরা একটি নিখুঁত বিশ্বে বাস করি না।...আমাদের আপস করতে হয়।’