
মহালয়ার দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় ‘তর্পণ’ করেন হিন্দুধর্মাবলম্বীরা। তর্পণ হলো মৃত পূর্বপুরুষদের উদ্দেশে খাদ্যদ্রব্য ও জল নিবেদন। কাল রোববার ছিল মহালয়া। এদিন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা মদন মিত্র বিজেপির দুই ‘জীবিত’ নেতা দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর নামে তর্পণ করেন। এ নিয়ে রাজ্যে বিতর্ক শুরু হয়েছে।
রোববার কলকাতার বাবুঘাটে মদন মিত্র নিজের মৃত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার পাশাপাশি দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর ‘আত্মার শান্তি’ কামনায় তর্পণ করেন। মদন মিত্র বিজেপির নেতাদের ছবি ফুলের মালা দিয়ে সাজিয়ে তাঁদের ‘আত্মার শান্তি কামনায়’ তর্পণ করেন। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে রাজ্য বিজেপি।
মদন মিত্র এ প্রসঙ্গে বলেন, ‘বিজেপির রাজনৈতিক অপমৃত্যু হয়েছে। ভবিষ্যতে তাঁদের পাওয়া যাবে না। তাই তাঁদের আত্মার শান্তি কামনায় আমি তর্পণ করেছি।’
দিলীপ ঘোষ বিজেপির সর্বভারতীয় কমিটির সহসভাপতি এবং শুভেন্দু অধিকারী হলেন পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপি বিধায়ক।
বিজেপের দুই হেভিওয়েট নেতার নামে তর্পণ করার ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘তৃণমূল নেতার এই তামাশা করা ঠিক হয়নি। তৃণমূল বুঝে গেছে তাদের সময় ঘনিয়ে এসেছে। দুর্নীতি–কাণ্ডে জড়িয়ে তাঁদের রাজ্য থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। তাই তো শেষ সময়ে তাদের বুদ্ধির বিনাশ ঘটতে শুরু করেছে। তৃণমূল এটা বুঝতে পেরেই শুরু করেছে নিজেদের নেতাদের ভবিষ্যতে আত্মার শান্তি দেওয়ার জন্য এবার থেকে তর্পণ অনুষ্ঠান।’
মদন মিত্রের এমন কাণ্ডে খোদ তৃণমূল থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মদন মিত্রের এই ভূমিকায় ক্ষুব্ধ হয়ে বলেছেন, ‘সংবাদমাধ্যমে প্রচার পেতে মদন মিত্র এই কাণ্ড ঘটিয়েছেন। পাশাপাশি বিরোধী নেতারাও মদন মিত্রের রুচি ও মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলছেন।’
তীব্র অসন্তোষ প্রকাশ করে বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘এসব কাজ করে ভালো দৃষ্টান্ত স্থাপন করা যায় না। এসব কাজে কি কোনো গৌরব বৃদ্ধি পাবে?’
তবে বিজেপি নেতাদের নামে তর্পণের ঘটনায় অনুতপ্ত নন মদন মিত্র। বরং নিজের সিদ্ধান্তের প্রতি এখনো অনড়। তিনি আরও বলেছেন, ‘বিজেপির অন্তর্জলী যাত্রা আগেই শুরু হয়ে গেছে। এখন যেটুকু আছে, তা সরকারি সংস্থার করুণায়। তবে তিনি বলেন, ‘যদি দল বা দলনেত্রী অসন্তুষ্ট হন, তবে ক্ষমা চাইব।’
এদিকে এ ঘটনার পরে হাওড়া জেলার বালি থানায় মদন মিত্রের নামে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিজেপি নেতারা। মহালয়ার দিন মদন মিত্রের এমন কাণ্ড ঘটানোয় তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন তাঁরা।