ভারতের প্রবীণ রাজনীতিক মুলায়ম মারা গেছেন

মুলায়ম সিং যাদব
ছবি: এএফপি

ভারতের প্রবীণ রাজনীতিক মুলায়ম সিং যাদব মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। খবর এনডিটিভির

আজ সোমবার সকালে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুলায়ম। তিনি কয়েক দিন ধরে এ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মুলায়ম সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা। তিনি উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী। তিনি তিনবার রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। মুলায়মের ছেলে অখিলেশ যাদব। তিনিও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী।

১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন মুলায়ম।

মুলায়মের জন্ম ১৯৩৯ সালে। ১৯৯২ সালে তিনি সমাজবাদী পার্টি প্রতিষ্ঠা করেন। দলীয় নেতা-কর্মীদের কাছে তিনি ‘নেতাজি’ হিসেবে পরিচিত ছিলেন।

মুলায়ম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁকে গত আগস্ট মাসে হরিয়ানার মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। দিন কয়েক আগে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালটির আইসিইউতে স্থানান্তর করা হয়।

মুলায়মের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যে তিন দিনের শোক ঘোষণা করেছেন। তিনি বলেছেন, মুলায়মের শেষকৃত্য রাষ্ট্রীয়ভাবে করা হবে।