উত্তরাখন্ডে কয়েকটি মুসলিম পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে

পুরোলার ঘটনায় রাজ্যের রাজধানী দেরাদুনে ‘লাভ জেহাদের’ বিরুদ্ধে উগ্রপন্থী ভৈরব সেনা সংস্থার বিক্ষোভ। ১৩ জুন তোলা
ছবি: এএনআই

শান্ত ও নির্বিবাদী বলে পরিচিত উত্তর ভারতের পাহাড়ি রাজ্য উত্তরাখন্ডে সাম্প্রদায়িক অশান্তি শুরু হয়েছে। রাজ্যের ছোট্ট নগর পুরোলায় যে অশান্তির শুরু, ক্রমে তা অন্যত্র ছড়িয়ে পড়েছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের একাংশের রোষের ফলে ওই জনপদের বেশ কয়েকটি মুসলমান পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও মুসলমানদের অধিকাংশ দোকানপাট ও ব্যবসা এখনো বন্ধ। কট্টরপন্থী হিন্দুদের হুমকি, তাঁদের নগর ছেড়ে চলে যেতে হবে।

দুই সপ্তাহ পার হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এ অবস্থায় রাজ্যের মুসলমানদের পক্ষে জামায়াত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন। তাঁর আবেদন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যাঁরা সক্রিয়, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি কট্টরপন্থী হিন্দুদের ডাকা ধর্মীয় মহাপঞ্চায়েত যাতে অনুষ্ঠিত না হতে পারে, সে জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। আগামীকাল বৃহস্পতিবার ওই মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হওয়ার কথা।

অশান্তির সুত্রপাত গত ২৬ মে। পুরোলায় ১৪ বছরের এক হিন্দু কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগে দুই মুসলমান তরুণকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় মানুষ তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দেন। তাঁদের বিরুদ্ধে শিশুদের যৌন হেনস্তা থেকে রক্ষাসংক্রান্ত ‘পকসো’ আইনে মামলা করা হয়। অভিযোগ, ওই কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে মুসলমান যুবকেরা নিয়ে যেতে চেয়েছিলেন। উদ্দেশ্য ছিল ধর্মান্তর করিয়ে বিয়ে করা।

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) আদর্শে তৈরি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ, বজরঙ্গ দল, বজরঙ্গ সেনা, এমনকি শাসক দল বিজেপিও এই প্রবণতার নাম দিয়েছে ‘লাভ জেহাদ’। এসব সংগঠন মনে করে, প্রেমের ফাঁদে ফেলে হিন্দু মেয়েদের ধর্মান্তর ঘটিয়ে দেশের জনবিন্যাসে পরিবর্তন আনার চেষ্টা চলছে। এই প্রবণতা রুখতে বিজেপিশাসিত সব রাজ্যেই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো কোনো রাজ্যে তৈরি হয়েছে ‘নৈতিক পুলিশ’। কোথাও সংগঠনের কর্মীরা তৈরি করেছেন প্রহরী।

কোনো কোনো রাজ্যে ‘লাভ জেহাদ’ রুখতে কঠোর আইনও করা হয়েছে। যদিও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে এই চক্রান্ত স্বীকার করে না। সরকারের পক্ষ থেকে সংসদে পেশ করা প্রতিবেদনেও ‘লাভ জেহাদ’ চক্রান্ত অস্বীকার করা হয়েছে।

পুরোলা শহরও ওই ‘লাভ জেহাদ’ চক্রান্তে উত্তাল হয়ে ওঠে। উত্তরাখন্ডের রাজধানী দেরাদুন থেকে পুরোলার দূরত্ব বড়জোর দেড় শ কিলোমিটার। ছোট্ট এই পাহাড়ি জনপদে মোট বাসিন্দা ১০ হাজারের মতো। তাঁদের মধ্যে মুসলমানদের সংখ্যা খুব বেশি হলে ৫০০। কখনো কোনো কারণে সেখানে সাম্প্রদায়িক অশান্তি দেখা দেয়নি। গত ২৬ মের ঘটনার পর কট্টরপন্থী হিন্দুরা স্থানীয় মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়ান।

স্থানীয় কট্টরপন্থী হিন্দুরা ‘লাভ জেহাদের’ বিরুদ্ধে পুরোলায় মিছিল করেন। মুসলমান ব্যবসায়ীদের দোকান জবরদস্তি বন্ধ করে দেন। হিংসাত্মক ঘটনাও ঘটে।  মুসলমানদের কিছু দোকান ভাঙচুরও করা হয়। সাইনবোর্ড খুলে ফেলা হয়। শহরের বাজার এলাকায় মুসলমানদের দোকান ও অন্যত্র বসতবাড়ির দেওয়ালে কালি দিয়ে ‘ক্রস’ চিহ্ন এঁকে দেওয়া হয়। ফরমান জারি হয়, ১৫ জুনের মধ্যে এলাকা ছেড়ে চলে যেতে হবে।

অশান্তি সৃষ্টি ও মুসলমানদের ব্যবসা বন্ধ রাখার বিরুদ্ধে স্থানীয় হিন্দু ব্যবসায়ীদের কেউ কেউ প্রতিবাদ জানান। তাতেও মুসলমানদের মধ্যে নিরাপত্তা বোধ ফেরেনি। রাজ্য পুলিশ জানিয়েছে, অশান্তি রুখতে তারা তৎপর। যদিও অশান্তি এড়াতে অন্তত ১২টি মুসলমান ব্যবসায়ী পরিবার এলাকা ছেড়ে চলে গেছে। মুসলমানদের ৪২টি দোকান সেই থেকে আজও বন্ধ।

স্থানীয় পুলিশের দাবি, এই অবস্থা সাময়িক। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা ফিরে আসবেন। স্থানীয় হিন্দু ব্যবসায়ীরাও অভয় দিচ্ছেন। কিন্তু উগ্র হিন্দুত্ববাদীদের দাপাদাপিতে মুসলমানদের মনে ভরসা ফিরছে না।

পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, এমন ইঙ্গিত এখনো তেমন নেই। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যদিও অভয় দিচ্ছেন। পুলিশকে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন। তা সত্ত্বেও পুরোলার আশপাশের কিছু এলাকায় মুসলমানদের চলে যাওয়ার ফরমান জারি হয়েছে বলে বিভিন্ন মহলের খবর।

উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষে থেকে উত্তর কাশীতে আগামীকাল হিন্দু মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়েছে। সেই সমাবেশ বন্ধ করতে ও কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলা করতে জামায়াত উলেমা–ই–হিন্দের পক্ষ থেকে চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামিকে অনুরোধ করা হয়েছে।

উত্তর কাশী প্রশাসন আজ বুধবার জানিয়েছে, হিন্দু মহাপঞ্চায়েতের কোনো অনুমতি দেওয়া হয়নি। তা ছাড়া আজ থেকেই গোটা রাজ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই ধারা অনুযায়ী চারজনের বেশি জমায়েত নিষিদ্ধ।

পুরোলার ঘটনার প্রতিবাদ জানাতে রাজ্যের মুসলমানরাও জোটবদ্ধ হচ্ছেন। রাজধানী দেরাদুনে ১৮ জুন এক সমাবেশের ডাক দেওয়া হয়েছে।