বদরুদ্দিন আজমলের বক্তব্যে আসামে বিতর্ক

আসামের এক জনসভায় বদরুদ্দীন আজমল
ছবি: সংগৃহীত

আপত্তিকর মন্তব্য করায় অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) প্রধান বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে মামলা করেছেন আসাম বিধানসভার কংগ্রেস নেতা দেবব্রত শইকীয়া। রোববার স্থানীয় একটি থানায় এ মামলা করা হয়।

এর আগে গত শনিবার আসামে তৃণমূল কংগ্রেসও বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে মামলা করে। এ ছাড়া আসামে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিও (বিজেপি) তাঁর মন্তব্যকে সাম্প্রদায়িক বলে আখ্যা দিয়েছে। এআইইউডিএফ আসামে কংগ্রেসের সহযোগী দল। গত নির্বাচনে তাদের মধ্যে আসন সমঝোতা হয়েছিল।
শইকীয়া রোববার সাংবাদিকদের বলেন, ‘হিন্দু সমাজের যৌন উচ্ছৃঙ্খলতা ও নারীদের চরিত্র নিয়ে আজমলের মন্তব্যের জেরে মামলা করা হয়েছে। তাঁর মন্তব্য সাম্প্রদায়িক। এ ধরনের মন্তব্য মেনে নেওয়া সম্ভব নয়। আসামের মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবেও এ ধরনের মন্তব্য মেনে নেওয়া যায় না।’

ঘটনার সূত্রপাত গত শনিবার। সেদিন আসামের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন বদরুদ্দিন আজমল। এ সময় হিন্দু ও মুসলমানদের মধ্যে জন্মহারের তারতম্য নিয়ে কথা বলেন তিনি। আজমল বলেন, ‘মুসলমান ছেলেরা ২১-২২ বছর বয়সে ও মেয়েরা ১৮ বছর বয়সে বিবাহ করে। কিন্তু হিন্দু পুরুষেরা ৪০ বছর বয়স পর্যন্ত বিবাহ করে না।’

বদরুদ্দিন আজমল আরও বলেন, ‘হিন্দু পুরুষেরা ৪০ বছর পর বাপ-মায়ের চাপে বা কোথাও ফেঁসে গিয়ে বিবাহ করে। কিন্তু সন্তানের জন্ম দেয় না; যে কারণে তাদের জন্মহার বাড়ে না।’ এসব কথা বলেই থেমে যাননি আজমল। বলেছেন, ‘হিন্দুদের উচিত মুসলমানদের কাছ থেকে শেখা, কীভাবে অধিক সন্তানের জন্ম দিতে হয়।’
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সম্প্রতি গুজরাটে নির্বাচনী প্রচারে গিয়ে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিবাহ বা ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে কথা বলেন। সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়েই এসব কথা বলেন বদরুদ্দিন আজমল।
তবে কংগ্রেস মনে করছে, বিজেপি বদরুদ্দিন আজমলকে ব্যবহার করছে। বিজেপি তাঁকে দিয়ে এ ধরনের মন্তব্য করিয়েছে; যাতে নির্বাচনে হিন্দুদের ভোট পেতে সুবিধা হয়।

কংগ্রসের এমন ধারনার সঙ্গে একমত পোষণ করেছেন আসাম জাতীয় পরিষদের সভাপতি লুবিন গগই। তিনি বলেছেন, আজমল আসলে বিজেপির হয়ে কাজ করছেন।
আসাম বিজেপির এমএলএ দিগন্ত কলিতা বলেন, ‘হিন্দু সম্প্রদায় কোনো অবস্থাতেই এ ধরনের অপমানজনক কথা মেনে নেবে না। এই মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ আজমলকে সংযত থাকতেও বলেন দিগন্ত কলিতা। বলেন, ‘যদি সংযত থাকতে না পারেন, তাহলে অবিলম্বে বাংলাদেশে চলে যান। এটা ভগবান রাম ও সীতার দেশ। এখানে বাংলাদেশিদের কোনো জায়গা নেই। আপনি একজন মুসলিম। আমরা আপনার কাছ থেকে উপদেশ শুনতে রাজি নই।’

এদিকে বদরুদ্দিন আজমলের দলের সঙ্গে যুক্ত মুসলিম সম্প্রদায়ের একাংশ মনে করে, একজন প্রতিষ্ঠিত নেতা হিসেবে তাঁর এ ধরনের মন্তব্য করা উচিত হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে এআইইউডিএফ আসামের একজন নেতা প্রথম আলোকে বলেন, ‘গুজরাট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে এই মন্তব্য বিজেপিকে সাহায্য করবে। তিনি (আজমল) যেহেতু দলের প্রধান, তাই আমরা কেউ তাঁর কাছে এটা জানতে চাইতে পারব না যে, তিনি এ সময়ে কেন এ মন্তব্য করলেন। এ মন্তব্য দুঃখজনক।’  

এআইইউডিএফ প্রধানত একটি মুসলিম দল বলে আসাম ও ভারতে পরিচিত। বদরুদ্দিন আজমল লোকসভার একাধিকবারের এমপি। উত্তর-পূর্ব ভারতজুড়ে তাঁর নানান সমাজসেবামূলক কাজকর্ম রয়েছে। তিনি একাধিক মাদ্রাসা স্থাপন করেছেন। এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গুজরাট নির্বাচনের মধ্যে কেন হঠাৎ এ ধরনের মন্তব্য করলেন তা নিয়ে ভারতের মুসলমান সমাজেও বিতর্ক শুরু হয়েছে।